জমির মালিকানা দাবি করে সাইনর্বোড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধাইপুর ইউপি কার্যালয় চত্বরে জমির মালিকানা দাবি করে টানানো সাইনর্বোড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
আধাইপুর ইউপি কার্যালয় চত্বরে জমির মালিকানা দাবি করে টানানো সাইনর্বোড। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

নওগাঁর বদলগাছি উপজেলার ৭ নম্বর আধাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় চত্বরে জমির মালিকানা দাবি করে টাঙানো হয়েছে ব্যক্তিমালিকানার একটি সাইনবোর্ড। ইউপি কার্যালয় চত্বরের আট শতক জমির মালিকানা দাবি করে মোজাহার আলী মণ্ডল নামে এক ব্যক্তি সাইনবোর্ডটি টাঙিয়েছেন।
ইউপি কার্যালয় চত্বরের ভেতরে সাইনবোর্ড স্থাপনকারী মোজাহার আলীর বাড়ি ইউপি কার্যালয় সংলগ্ন জিয়াশিমুলিয়া গ্রামে। আধাইপুর ইউপি কার্যালয়টি রসুলপুর মৌজায় অবস্থিত।
আধাইপুর ইউপি কার্যালয় সূত্রে জানা যায়, রসুলপুর মৌজার ৫৪ শতক জমি ইউপি কার্যালয়ের এলাকা। ২০০২ সালে এই জমির ওপর ইউপি ভবন নির্মাণ করা হয়। ২০১৪ সালে নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিমউদ্দিন তরফদার সেলিম ইউপি কার্যালয়ের সীমানাপ্রাচীর ও ফটক নির্মাণকাজের ফলক উন্মোচন করেন। পরে মোজাহার আলী মণ্ডল ও তাঁর দুই ছেলে মোরশেদুল ইসলাম সবুজ ও শিপন হোসেন নির্মাণকাজে বাঁধা দেন। প্রায় সাত-আট মাস আগে মোজাহার আলী লোকজন নিয়ে এসে ইউপি কার্যালয় চত্বরে জমির মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন।
গত বৃহস্পতিবার আধাইপুর ইউপি কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয় চত্বরে একটি সাইনবোর্ড টাঙানো। ওই সাইনবোর্ডে ‘পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক মোজাহার আলী মণ্ডল’ বাক্যটি বড় অক্ষরে লেখা।
ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান শামছুল আলম খান বলেন, এই সম্পত্তি ইউপির নামে আরএস রের্কড করা আছে। বাকি জমিগুলো সরকারি খাসজমি হিসেবে রয়েছে। মোজাহার আলী ইউপির এই জমির একটি অংশ নিজের বলে দাবি করে সাইনবোর্ড টাঙিয়েছেন। সে সময় বিষয়টি বদলগাছি উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনারকে (ভূমি) লিখিতভাবে জানানো হয়েছিল। এখনো বিষয়টির সুরাহা হয়নি।
মোজাহার আলী মণ্ডল বলেন, আধাইপুর ইউপি কার্যালয়ের জন্য তাঁদের পরিবার থেকে জমি দান করা হয়েছিল। দান করা জমি বাদে সেখানে তাঁদের আরও আট শতক জমি রয়েছে, যেখানে তাঁরা এখন বাড়ি করবেন। তাই সাইনবোর্ড টাঙিয়েছেন।
ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘সৃষ্ট জটিলতা নিরসনের চেষ্টা করব।’