জমির 'দখল নিয়ে' সংঘর্ষ মুক্তিযোদ্ধাসহ আহত ১৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমির দখল নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধা, নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকার জমিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে মুক্তিযোদ্ধা সামছুল হক (৬৬), আবদুস সাত্তার (৬৭) এবং মরিয়ম বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), মঞ্জুরা খাতুন (৩৮), রাজেদা খাতুন (২৫) ও রীনা খাতুনকে (২৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিরোধপূর্ণ ওই জমিতে বসবাসকারীদের একজন আবদুর রহমান প্রথম আলোকে বলেন, জমি নিয়ে তাঁদের সঙ্গে একই এলাকার মুন্সী ফেরদৌসের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই স্থানে ১০৮ শতক জমি আছে। এর মধ্যে তাঁদের সাতটি পরিবারের দখলে আছে ৩১ শতক। ওই জমিতে ’৪৭ সালের পর থেকে বাড়ি তৈরি করে তাঁরা বসবাস করে আসছেন। জমির মালিকানা নিয়ে ’৬৬ সাল থেকে মামলা চলছে। তাঁদের দখলে থাকা অংশ দখলে নিতে ও তাঁদের উচ্ছেদ করতে সম্প্রতি ফেরদৌস ১০ শতক জমি মুক্তিযোদ্ধা সংসদকে দান করেন। এই জমি মুক্তিযোদ্ধারা দখল করতে এক মাস আগে সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। গতকাল সকালে মুক্তিযোদ্ধারা তাঁদের উচ্ছেদ করতে যান। এ সময় দুই পক্ষে সংঘর্ষ হয়।
মুন্সী ফেরদৌস বলেন, ‘প্রতিপক্ষ আমার দলিল বাতিলের দাবিতে মামলা করেছে। এর জবাব চেয়েছেন আদালত। আমি সময়মতো জবাব দেব।’ তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের যে জমি তিনি দান করেছেন, তা বিরোধপূর্ণ জমি নয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মালেক গাজী বলেন, গতকাল কয়েকজন মুক্তিযোদ্ধা জমি দখল করতে নয়, ‘অবৈধ বসবাসকারীদের’ দখল ছাড়ার কথা বলতে গিয়েছিলেন। এ সময় বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাড়ির লোকজন তাঁদের ওপর হামলা করেন।
গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ একটি জমির দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।