জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের পার্বতীনগরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় রেজাউল করিমকে বাঁচাতে গিয়ে তাঁর বাবাসহ চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে।
রেজাউল সাভার পৌরসভার রেডিও কলোনি মহল্লার নাজিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন জাপানে থাকার পর বছর খানেক আগে দেশে ফিরে এলাকায় ব্যবসা করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজিম উদ্দিনসহ তাঁর চাচাতো ভাইদের সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে একই এলাকার বাসিন্দা এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানের বিরোধ চলছিল। জমির মালিকানা নিশ্চিত করার জন্য গতকাল সাভার উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে শুনানি শেষে বেলা তিনটার দিকে নাজিম উদ্দিন ও তাঁর স্বজনেরা সেখান থেকে বের হচ্ছিলেন। এ সময় এরশাদ ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালান। ছুরিকাঘাতে রেজাউল ও তাঁর বাবা নাজিম উদ্দিন এবং চাচা সোহরাব হোসেন, জিসান, আজিজ ও সাগর আহত হন। তাঁদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে রেজাউল মারা যান। এর পরপরই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ হামজা ও মজিদ নামে দুজনকে আটক করে।
তবে জানতে চাইলে এরশাদ বলেন, নাজিম উদ্দিন ও তাঁর চাচাতো ভাইদের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তাঁদের নিজেদের মধ্যে বিরোধের জের ধরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তা ছাড়া ঘটনার সময় তিনি সেটেলমেন্ট কার্যালয়ের ভেতরেই ছিলেন।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই রেজাউল খুন হয়েছেন। আর ঘটনার ধরন দেখে মনে হয়েছে পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।