জমিসংক্রান্ত বিরোধের জেরে হুমকি-ধমকি?
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ একটি পরিবারকে হুমকি–ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারটি টঙ্গিবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পুরা ইউনিয়নের পুরুয়া মৌজায় অসীম কুমার ঘোষ নামের একজনের ১৪ শতাংশের একটি পুকুর আছে। নামজারিসহ ওই পুকুরের যাবতীয় কাগজপত্রও আছে তাঁর। কিন্তু পাশের বাড়ির বাসিন্দা মোরশেদা আক্তার বিউটি ও তাঁর ছেলে তন্নি দেওয়ানসহ তাঁদের পরিবারের সদস্যরা অসীমের পুকুরটি দখল করতে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। গত ২৫ জুন পুকুরে মাছ ধরতে গেলে অসীমকে মারতে উদ্যত হন মোরশেদার পরিবারের সদস্যরা। তাঁরা অসীমকে গালাগালও করেন। এ ঘটনায় অসীম গত ২৬ জুন টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা নেয়নি। এরপর থেকে অসীমকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় অসীম ১৮ জুলাই থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ সেটিকে জিডি আকারে নথিভুক্ত করে।
এলাকাবাসী জানান, মোরশেদা আক্তার যশলং ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী পদে কর্মরত আছেন। তাঁর বিরুদ্ধে এ পদে থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানতে চাইলে গতকাল শুক্রবার মোরশেদা আক্তার মুঠোফোনে বলেন, এ সম্পত্তি (পুকুর) তাঁর স্বামী কিনেছেন। সম্পত্তির কাগজপত্র আছে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘না, নেই। নামজারি করতে টাকা লাগে। যখন টাকা হবে করব।’ কাগজপত্র ছাড়া জমির মালিকানা দাবির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই সম্পত্তি আমরা যেকোনো মূল্যে নিবই।’
টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।