জয়পুরহাট ও নোয়াখালীতে ৪ গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এই সপ্তাহের ৭২ ঘণ্টা হরতালের শেষ দিনে আজ মঙ্গলবার জয়পুরহাট ও নোয়াখালীতে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর থেকে সকাল সাতটার মধ্যে এসব সহিংস ঘটনা ঘটে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

জয়পুরহাট: সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে আলু ও চালবোঝাই দুটি ট্রাকে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
আলুবোঝাই ট্রাকের চালক আবদুর রশিদের ভাষ্য, ঠাকুরগাঁও থেকে আলু নিয়ে আসার পথে ট্রাকটি ওই এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে গতিরোধ করেন ছয় যুবক। তাঁরা হেলমেট পরা ছিলেন। এরপর তাঁরা কেরোসিন ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেন। একই সময়ে তাঁরা চালবোঝাই একটি ট্রাক ভাঙচুর করে একইভাবে আগুন দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। তবে এর মধ্যেই দুটি ট্রাকের ইঞ্জিন ও বেশকিছু পণ্য পুড়ে যায়।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান,ÿক্ষতিগ্রস্ত ট্রাকের মালামাল সরিয়ে নেওয়ার পর এ ব্যাপারে আইনি পদ‌ক্ষেপ নেওয়া হবে।

নোয়াখালী: সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজামউদ্দিনের ভাষ্য, যাত্রী নিয়ে একটি মিনিবাস চৌমুহনী থেকে সোনাপাড়ার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে চারটার দিকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বাসটি থামায়। পরে যাত্রীদের নামিয়ে তারা কেরোসিন ঢেলে বাসে আগুন দেয়। এর দুই ঘণ্টা পর দত্তেরহাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় তারা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।