জয়পুরহাটে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলায় এক রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় এক গৃহকর্তা আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দুর্গাদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহকর্তার নাম দেলোয়ার হোসেন (৩৪)। তিনি দুর্গাদহ বাজার এলাকার বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির শিকার হওয়া পরিবারগুলো দাবি করেছে, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও ১৮ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
দেলোয়ার হোসেনের স্ত্রী গুলশান আরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোশ পরা ১০-১২ জন ডাকাত মূল ফটক ভেঙে তাঁদের দুর্গাদহ বাজারের বাড়িতে ঢোকে। এ সময় ডাকাত দেখে তাঁর স্বামী দেলোয়ার চিৎকার দেন। তাই ডাকাতেরা তাঁর স্বামীকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তারা আলমারি থেকে সাত ভরি স্বর্ণালংকার ও ১৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, একই রাতে ডাকাত দল দেলোয়ারের পাশের বাড়ি হার্ডওয়্যার ব্যবসায়ী বাবুল হোসেন ও তাঁর ভাই আজাদুল ইসলামের বাড়িতে ঢুকে তিন ভরি স্বর্ণালংকার লুট করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার রাতেই ক্ষেতলালের বটতলী বাজারের খলিল স্টোর নামের একটি দোকানের চালের টিন কেটে চোরেরা প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।