জয়পুরহাটে ছুরিকাঘাতে যুবদল নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা যুবদলের নেতা আফজাল হোসেন ওরফে লরো (৪৬) গতকাল রোববার ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ ওই ঘটনায় একজনকে আটক করেছে।
জয়পুরহাট জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা জানান, আফজাল হোসেন জেলা যুবদলের সহকারী সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গতকাল সকালে জয়পুরহাট পৌর এলাকার সবুজনগর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন বাড়ির পাশে নিজের জমিতে থেকে ফিরছিলেন। পথে সবুজনগর মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়সংলগ্ন রাস্তায় পৌঁছানোর পর দেখেন পৌর এলাকার আমতলী মহল্লার মোহন মিয়া ও কলাবাগান মহল্লার শান্ত মিয়া মুরগি চুরির চেষ্টা করছেন। আফজাল তাঁদের বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে আফজালকে ছুরিকাঘাত করেন মোহন। পরে দ্রুত দুজনেই পালিয়ে যান। স্থানীয় লোকজন আফজালকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে আফজাল মারা যান।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, আফজাল হোসেনের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
এ ঘটনার পর জয়পুরহাট জেলার গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই কাইয়ুম আলীর নেতৃত্বে পুলিশ বেলা দেড়টার দিকে পৌরসভার মুসলিমনগর এলাকা থেকে মোহনকে আটক করে। কাইয়ুম আলী জানান, জিজ্ঞাসাবাদে আফজালকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন মোহন।
ডিবি কার্যালয়ে আটক মোহন মিয়া সাংবাদিকদের জানান, সবুজনগর এলাকায় তিনি ও তাঁর এক সহযোগী একটি মুরগিকে লক্ষ্য করে ইট ছোড়েন। এতে আফজাল তাঁদের গালিগালাজ করলে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। মোহন জানান, তাঁর বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ছয় মাস আগে জামিনে বেরিয়ে আসেন তিনি।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।