জয়পুরহাটে তিন ট্রাক-প্রাইভেট কারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার ধুলাতর ক্লাবঘর এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে তিনটি ট্রাক ও প্রাইভেট কারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে কয়লাবাহী ট্রাক একটি, একটি খালি ট্রাক ও একটি প্রাইভেট কার।

দিনাজপুরের ফুলবাড়ী থেকে কয়লাবাহী একটি ট্রাক, রংপুর থেকে মাছ বিক্রি করে খালি একটি ট্রাক এবং ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা একটি প্রাইভেট কার ওই সড়কপথে নওগাঁ যাচ্ছিল। এ সময় ৪৫-৫০ জন দুর্বৃত্তের দল সড়কে গাছের গুঁড়ি, ইট ফেলে ট্রাক ও প্রাইভেট কার আটকে চালক ও তাঁর সহকারীকে মারপিট করে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দেয়।

কয়লাবাহী ট্রাকটির চালক আবদুল আলিম ও সহকারী সাজু হোসেন অভিযোগ করেন, দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ও ইটপাটকেল ছুড়লে তাঁরা ট্রাকটি থামাতে বাধ্য হন। এরপর দুর্বৃত্তরা মারপিট শুরু করলে তাঁরা ট্রাক ছেড়ে পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা পেট্রলবোমা দিয়ে দুটি ট্রাক ও একটি প্রাইভেট কার জ্বালিয়ে দেয়।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিমান চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।