জয়পুরহাটে পুলিশের গুলিতে নিহত ১
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধামসুন্ডা এলাকায় গতকাল বুধবার দিবাগত রাতে পুলিশের গুলিতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। রাতেই তাঁর লাশ উদ্ধার করে ক্ষেতলাল থানায় নেওয়া হয়েছে।
ক্ষেতলাল থানার পুলিশের ভাষ্য, গতকাল দিবাগত রাতে উপজেলার আলামপুর ইউনিয়নে টহলে বের হয় পুলিশ। সঙ্গে ছিলেন ক্ষেতলাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহেল বাকী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম। রাত ১১টার দিকে থানায় ফেরার পথে ধামসুন্ডায় সড়কে গাছ ফেলে রাখার বিষয়টি নজরে পড়ে টহল দলের। ঘটনাস্থলে গেলে টহল দলের ওপর হামলার চেষ্টা চালায় ৮-১০ জন ডাকাত। আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এতে ডাকাতেরা পালিয়ে যায়। পরে সড়কের পাশে ধানখেত থেকে এক ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার বিষয়ে একই বিবরণ দেন ইউএনও আব্দুল্লাহেল বাকী। তাঁর দাবি, ডাকাতেরা দেশীয় অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ বাধ্য হয়ে গুলি ছোড়ে।
ক্ষেতলাল থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, পুলিশ ১২টি গুলি ছুড়েছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।