জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রেজাউল (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনের ভাষ্যমতে, রাত ১০টার দিকে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার কোমরগ্রাম পুলিশ বক্সের কাছে সড়কে রশি দিয়ে যানবাহনে ডাকাতির চেষ্টা করছিল অস্ত্রধারী ডাকাত দল। এ সময় পুলিশের একটি টহল দল পিকআপ ভ্যান নিয়ে সেখানে গেলে সেটিও আটকানোর চেষ্টা করে তারা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। ডাকাতেরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পৌঁছানোর পর তিনি মারা যান।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরউন নবী প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার পর আহত ওই ব্যক্তি জানান, তাঁর নাম ‘রেজাউল’। এ ছাড়া আর কিছু বলতে পারেননি। তাঁর বাঁ পায়ের হাঁটুতে ও ডান পায়ের হাঁটুর নিচে দুটি বড় ধরনের ক্ষতচিহ্ন ছিল।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।