জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুতগাড়ী এলাকায় গত সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। হতাহতরা ডাকাত বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তি দাবি করেছেন, তাঁকে ও নিহত একজনকে পুলিশ গাজীপুর থেকে গ্রেপ্তার করেছিল।
নিহত দুজন হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের আবদুস সালাম (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মো. ময়নুল ওরফে বাবু হোসেন (৩৫)। আর আহত রমেশ চন্দ্রের (৩৬) বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বলিহার গ্রামে। গুলিবিদ্ধ রমেশকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্ল্যা নজরুল ইসলামের ভাষ্যমতে, সোমবার গভীর রাতে একদল ডাকাত পাঁচবিবির ভুতগাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পাঁচবিবি থানা-পুলিশের ১০ থেকে ১২ জনের একটি দল ওই এলাকায় যায়। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আবদুস সালাম ও ময়নুল ওরফে বাবু হোসেন নিহত হন। গুলিবিদ্ধ হন রমেশ চন্দ্র। এ সময় সেলিম হোসেন ও বজলুর রশিদ নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে জয়পুরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত ডাকাত রমেশকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এসপির ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন রমেশ সাংবাদিকদের কাছে দাবি করেন, সালাম তাঁর পূর্বপরিচিত। ঢাকার কোনাবাড়ী থেকে ডিবি পুলিশ তাঁকে এবং সালামকে গ্রেপ্তার করে। গত সোমবার গভীর রাতে তাঁর চোখে গামছা বেঁধে পায়ে গুলি করে পুলিশ। পরে হাসপাতালে ভর্তি করা হয়। রমেশ জানান, তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় দুটি ও দিনাজপুর সদর থানায় দুটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাঁর দাবি, মামলাগুলোতে তিনি জামিনে আছেন। তিনি জানান, সালাম তাঁর পরিচিত। সালাম ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এদিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বন্দুক পাঁচবিবির বাগজানা বাজার এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোবারক আলীর বলে জানা গেছে। গত ১৫ এপ্রিল রাতে ওই বাড়িতে ডাকাতি করে বন্দুকসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। এ ঘটনায় পরদিন মামলা করেন মোবারক আলী। মোবারক আলীর ছেলে আবু সাঈদ গতকাল মুঠোফোনে জানান, পুলিশ খবর দিলে তিনি ও তাঁর বাবা থানায় গিয়ে তাঁদের লাইসেন্স করা বন্দুকটি পান।
জয়পুরহাট জেলা হাসপাতালের চিকিৎসক নুরুন নবী জানান, রমেশ চন্দ্রের বাঁ পায়ে হাঁটুর কাছে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, নিহত দুজনের ময়নাতদন্ত হয়েছে। তাঁদের মাথায় গুলি লেগে বিপরীত দিকে বের হয়ে গেছে।
নিহত হোসেন বাবুর ভাতিজি জামাই আসলাম হোসেনের সঙ্গে গতকাল হাসপাতালের মর্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি শুধু বলেন, তিনি লাশ নিতে এসেছেন। এর বাইরে কিছু জানেন না।
গতকাল বিকেল পর্যন্ত সালামের লাশ নিতে কেউ আসেননি। তাঁর মরদেহ সাড়ে চারটা পর্যন্ত হাসপাতালের মর্গেই ছিল।
পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, সালামের পরিবারকে ফুলবাড়ী থানার মাধ্যমে খবর পাঠানো হয়েছে। তিনি জানান, ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় পাঁচবিবি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।