জরাজীর্ণ স্কুলে তিন দখলদার

প্রাথমিক বিদ্যালয়টির ব্যবস্থাপনা পর্ষদের কয়েকজন সদস্য নিজেদের প্রভাব খাটিয়ে স্কুলটির জমিতে গড়ে তুলেছেন আরেকটি মাধ্যমিক উচ্চবিদ্যালয়। লক্ষ্য, প্রাথমিক পাস করা শিক্ষার্থীদের ধরে রাখা। নতুন স্কুল প্রতিষ্ঠায় কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। নিবন্ধনও নেই। সেখানকার শিক্ষার্থীরা অন্য স্কুল থেকে নিবন্ধন করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পাশাপাশি মিরপুরের বাউনিয়াবাদ এ ব্লকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় আরও একটি বেসরকারি স্কুল এবং ক্লাব তৈরি করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোমেনা আফরোজ বলেন, দ্রুত সব দখল উচ্ছেদ করে স্কুলের জায়গায় সীমানাপ্রাচীর দেওয়া দরকার। নতুন ভবন দরকার। শিশুদের খেলার মাঠ দরকার।
১৯৮২ সালে সেবা নামের একটি বেসরকারি সংস্থা প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সেটি পরিচালনা করে গণস্বাস্থ্য সংস্থা নামে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান। পরে ২০০৫ সালে প্ল্যান বাংলাদেশের সহায়তায় সুরভী নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্কুলটি পরিচালনা শুরু করে।
তবে পুনর্বাসিত পরিবারের শিশুদের শিক্ষার জন্য ১৯৯৩ সালের ১১ নভেম্বর ২৬০০ বাস্তুহারা পুনর্বাসন প্রকল্প থেকে ৩৩ দশমিক ১ কাঠা জমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে হস্তান্তর করা হয়। ২০১৩ সালের ১ জুলাই জাতীয়করণের আগ পর্যন্ত স্কুলটি এ বেসরকারি প্রতিষ্ঠান দুটিই চালাত।
এক স্কুলে তিন দখলদার
গত শনিবার ওই এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি বিদ্যালয়ের প্রায় অর্ধেক বেশি জমি দখল করে তৈরি করা হয়েছে বাউনিয়াবাদ মডেল হাইস্কুল, আরবান কমিউনিটি স্কুল এবং মরহুম হারুন মোল্লা স্মৃতি ক্রীড়া সংঘ। ওই দুটি স্কুল ও ক্লাবের ভবনগুলো পাকা ও আধা পাকা। আর সবচেয়ে জরাজীর্ণ ও ভগ্নদশায় রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
সরকারি স্কুলটির শিক্ষকেরা বলেন, পাশের খালি জায়গায় স্কুলের জন্য ভবন নির্মাণের চেষ্টা হয়েছিল। কিন্তু ক্লাবের লোকজনের বাধার কারণে তা করা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালে তৎকালীন স্কুল ব্যবস্থাপনা পর্ষদের কয়েকজন সদস্য এবং শিক্ষক মিলে ২০১১ সালে সরকারি স্কুলটির আঙিনায় বাউনিয়াবাদ মডেল হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতাদের মধ্যে সে সময়কার পর্ষদের সহসভাপতি মো. আবুল হোসেন, সদস্যসচিব জয়নাল আবেদিন অন্যতম।
চার কক্ষের এ স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এখানে মূলত এই প্রাথমিক স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরা হাইস্কুলে পড়াশোনা করে। শ্রেণিভেদে বেতন ২০০ থেকে ২৫০ টাকা। স্কুলের নিবন্ধন নেই। তাই মিরপুর-১২ নম্বরের সুলতান মোল্লা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে নিবন্ধন করে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের লক্ষ্যে হাইস্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ অভিযোগের বিষয়ে স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল হোসেন বলেন, কোনো ব্যবসা বা লাভের জন্য নয়, ব্লকের ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ বাড়াতেই স্কুলটি চালু করা হয়েছে। চালুর আগে প্ল্যান বাংলাদেশের কাছ থাকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
তবে সুরভীর কোয়ালিটি ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের সমন্বয়ক ইশরাত জাহান বলেন, ‘স্কুল চালুতে কোনো অনুমতি নেওয়া হয়নি। রুমগুলো পার্টিশন করে ক্লাস শুরু করে দিয়েছিল। তাঁরা কমিউনিটির প্রভাবশালী হওয়ায় আমরা কোনো ঝামেলায় যাইনি।’
২০১০ সালে স্থানীয় কিছু যুবক মিলে মরহুম হারুন মোল্লা স্মৃতি ক্রীড়া সংঘ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছেন স্কুলের জমিতে। জানা গেছে, তাঁরা সবাই ওয়ার্ডের যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ আছে, জোর খাটিয়ে ক্লাব তৈরির পাশাপাশি তাঁরা স্কুলের খেলার মাঠটি দখলেরও পাঁয়তারা করছেন। এমনকি স্কুলের ভবন সম্প্রসারণের জন্য গত বছর এপ্রিলে মাটি পরীক্ষা করতে এলেও তাঁরা বাধা দেন।
সংগঠনটির সহসভাপতি মো. রাসেল বলেন, ‘এইটা আমাদের জমি। আমরা কার্যালয় বানাইছি। পোলাপানের খেলার জায়গায় শিক্ষা ভবন কেন হইবে? বাধা তো দিবই।’
পাশাপাশি ২০০২ সালে প্রাথমিক স্কুলের জমিতে প্রতিষ্ঠিত আরবান কমিউনিটি স্কুলের দখলে আছে প্রায় পাঁচ কাঠার মতো জায়গা। এখানে প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। স্কুলের জমির মালিকানা নিয়ে কথা বললে আরবান কমিউনিটি স্কুলের প্রধান শিক্ষক ক্লারা কস্তা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। বাউনিয়াবাদ বস্তির শিশু ও কিশোরদের শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় কাজ করে আরবান।
এসব বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রউফ বলেন, ‘বাউনিয়াবাদের কিছু পোলাপান জোরজুলুম করে ক্লাব বানিয়েছে। সরকার স্কুল সম্প্রসারণের জন্য কাজ শুরু করলে আমি এলাকাবাসীকে নিয়ে সহায়তা দেব।’
মিরপুর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বানু বলেন, বিদ্যালয়ের নতুন ভবন এবং সীমানাপ্রাচীর তৈরির বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ অর্থবছরের শেষ নাগাদ বরাদ্দ পেলেই স্কুলের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
জরাজীর্ণ ভবন, কমছে শিক্ষার্থী
সরকারি বিদ্যালয়টির সাতটি শ্রেণিকক্ষের মধ্যে চারটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকি তিনটি কক্ষের অবস্থা শোচনীয়। বৃষ্টিতে টিনের ফুটো চাল দিয়ে পানি পড়ে। অন্য সময় রোদে কষ্ট হয়। জানালার পাল্লাগুলোও ভাঙা। বসার বেঞ্চ প্রয়োজনের তুলনায় কম। যাও আছে ভাঙাচোরা। এ জন্য পাটি বিছিয়ে ক্লাস নিতে হয়।
পঞ্চম শ্রেণির আশা আক্তার বলে, ‘বৃষ্টি হলে বই-খাতা সব ভিজে যায়। লেখা যায় না। গত বর্ষায় ছাতা মাথায় দিয়ে ক্লাস করছি।’ আবার, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. নজরুল বলে, বেঞ্চগুলো নিচু। লিখতে সমস্যা হয়। কোমর ব্যথা করে।
স্কুলটির প্রধান শিক্ষক রোমেনা আফরোজ বলেন, ভবনের এ অবস্থার জন্য দুই শিফটে স্কুল চালাতে হয়। শিক্ষার্থীও কমে যাচ্ছে।