জরিমানা
বাসি ইফতারসামগ্রী ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির কারণে রাজশাহী নগরের চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক অপূর্ব অধিকারী অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। নগরের বোয়ালিয়া থানার সাহেব বাজার, মিয়াপাড়া ও আলুপট্টির মোড় এলাকায় তাঁরা অভিযান চালান।
সাহেব বাজার এলাকার ‘মেসার্স ফেভারস রেস্টুরেন্ট’ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রি করছিল। সেখানে বাসি ইফতারসামগ্রীও পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মিয়াপাড়ার ‘মেসার্স অহনা রেস্তোরাঁ’কে ১৫ হাজার টাকা, আলুপট্টি এলাকার মেসার্স টিএফসিকে পাঁচ হাজার টাকা ও মেসার্স রহমান রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে পরিশোধ করে প্রতিষ্ঠানগুলো।