পণ্যের মোড়কে মূল্য না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিমাপে কারচুপির অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার খিলগাঁও, বাড্ডা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে বলা হয়েছে, খিলগাঁও এলাকার পলাশ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২৫ হাজার, চমক সুইটস অ্যান্ড বেকারিকে ১০ হাজার ও মুক্তা বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানে বাড্ডার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, সাদিয়া হোটেলকে ৩০ হাজার, ফিউশন ক্যাফেকে চার হাজার ও ফুডস ডিনারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কলাবাগান এলাকায় পরিমাপে কারচুপির অপরাধে জান্নাত গোশত বিপণি ও সততা গোশত বিতানকে পাঁচ হাজার টাকা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ঘরোয়া রেস্টুরেন্টকে ১৫ হাজার ও প্রিন্স রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।