জরিমানা করে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা মীমাংসা!
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ৩০ হাজার টাকা জরিমানা করে মীমাংসার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক ওয়াজেদ আলী গত সোমবার এক সালিশি বৈঠকে জরিমানার এই রায় দেন। এ সময় এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
ওই সালিসি বৈঠকে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নে আট বছর বয়সী এক মেয়ে সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরছিল। এ সময় ওত পেতে থাকা ওই ইউনিয়নের এক তরুণ (২৫) শিশুটির মুখ চেপে ধরে বাঁশঝাড়ে নিয়ে যান। পরে সেখানে তিনি ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই তরুণকে আটক করেন। পরে রাতে এ নিয়ে শিশুটির বাড়িতে এক সালিসি বৈঠক বসে। বৈঠকে বিএনপির নেতা ওয়াজেদ আলী ধর্ষণচেষ্টাকারী ওই তরুণকে চড়-থাপড় মারেন এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওয়াজেদ আলী ওই তরুণকে নিয়ে চলে যান।
ওই শিশুর বাবা এলাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এ বিষয়ে শিশুটির বাবা বলেন, ‘আমি ভবিষ্যতের কথা চিন্তা করে এ বিষয়ে থানায় মামলা করতে চাইনি। পরে এ ঘটনায় বিএনপির ওই নেতা সালিসি বৈঠকের আয়োজন করেন। কিন্তু আমি সালিসের রায় মানি না, এমন বিচার আমি চাই না।’
এ ব্যাপারে জানতে চাইলে ওয়াজেদ আলী বলেন, ‘গ্রাম্য সালিসে ধর্ষণচেষ্টাকারীকে চড়-থাপড় মারা হয়েছে। সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এখনো মেয়ের বাবা (গতকাল মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত) জরিমানার টাকা নেননি।’
ধর্ষণচেষ্টার ঘটনা এভাবে মীমাংসা করা যায় কি না—এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাত সোয়া নয়টার দিকে মুঠোফোনে ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমি জানি, এমন ঘটনা মীমাংসা করা যায় না। এরপরও গ্রামগঞ্জের বিষয়, তাই মীমাংসা করার চেষ্টা করেছি।’
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক বলেন, তিনি শিশুটির বাবাকে আইনের আশ্রয় নিতে বলেছেন। তিনি ওই সালিসে যাননি। ঘটনার তিন দিন আগেও ওই তরুণ একই এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণ করেন। ওই ঘটনা নিয়ে থানায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম গতকাল রাত নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।