পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আল ফারুককে (৪৮) বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় নির্যাতনকারীদের ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে পুলিশ। এ সময় উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ছাড়া নির্যাতিত ব্যক্তিকে টাকা পরিশোধে চার মাসের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রায়পুর থানায় চলা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়ার উপস্থিতিতে বিষয়টি ‘সমাধান’ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকের আগে বেলা ১১টার দিকে আল ফারুককে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় আনা হয়।
পৌরসভার জনতা বাজার থেকে হাছান ভূঁইয়া শতাধিক লোক নিয়ে গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বেকারি ব্যবসায়ী আল ফারুককে জোরপূর্বক তুলে মারতে মারতে তাঁর (হাছান) বাড়ির সামনে নিয়ে যান। তিনি ইটের জন্য ফারুককে টাকা দিয়েছেন বলে দাবি করেন। সেখানে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে স্ত্রী, ছেলেমেয়েসহ কয়েক শ মানুষের উপস্থিতিতে তাঁকে পিটিয়ে জখম করা হয়। এ সময় কাঁচি দিয়ে তাঁর চুলও কেটে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাঁকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফারুকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নির্যাতনের কারণে তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়ে রক্ত জমাট বেঁধেছে। ঘটনার পর থেকে তিনি স্বাভাবিক হতে পারছেন না। হাছনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও তাঁরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন।
হাছান ভূঁইয়া বলেন, ‘সালিসে আমি চিকিৎসার জন্য ফারুককে ২০ হাজার টাকা দিয়েছি। চার মাসের মধ্যে চার ভাগে আমার পাওনা চার লাখ টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। এএসপি আমাদের উভয়কে থানায় মিলিয়ে দিয়েছেন।’
নির্যাতিত আল ফারুক বলেন, ‘ঘটনার পর থেকে আমি মানসিকভাবে বিধ্বস্ত। পুলিশ নির্যাতনকারীদের সঙ্গে আমাকে মিলিয়ে দিয়েছে। এটি মেনে নেওয়া ছাড়া আমার উপায় নেই।’
ব্যবসায়ীকে নির্যাতন প্রসঙ্গে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান জানান, নির্যাতনকারী হাছান ভূঁইয়া ও সৌরভকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল। থানায় সালিসে জরিমানার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া দুই পক্ষ থানায় মুচলেকা দিয়েছে।