জরিমানা না নিয়েই গ্যাস-সংযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) বিরুদ্ধে প্রায় ২৭ লাখ টাকা জরিমানা আদায় না করে একটি সিএনজি স্টেশনে পুনরায় গ্যাস-সংযোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আড়াই বছর ধরে তারা জরিমানার টাকা পরিশোধ না করেই গ্যাস ব্যবহার করছে।
গ্যাস কোম্পানি সূত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া উপজেলার মেসার্স বন্ধু সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর পিজিসিএলের ভিজিল্যান্স বিভাগ পরিদর্শন করে। সে সময় তারা প্রতিষ্ঠানের কম্প্রেসার মিটারের ইনডেক্স সিলের টাইটেনিয়াম পুটিং যথাযথ পায়নি। যার মাধ্যমে তারা গ্যাস চুরি করছিল। পরিদর্শক দলের সুপারিশে ওই বছর ১ অক্টোবর স্টেশনটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মিটারটি পরীক্ষার জন্য ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টে (ইএসডি) নেওয়া হয়।
মিটার পরীক্ষা কমিটি সেটি পরীক্ষা করে অবৈধভাবে গ্যাস নেওয়ার প্রমাণ পায়। যার ভিত্তিতে ওই কমিটি সাত দফা সুপারিশসহ একটি প্রতিবেদন প্রকাশ করে। এর ভিত্তিতে গ্যাস বিপণন নিয়মাবলি-২০০৪-এর ধারা ৭.২.৩ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে জরিমানা, ওই অতিরিক্ত গ্যাস ও মিটারের মূল্য বাবদ ২৬ লাখ ৭৪ হাজার ৬৩৯ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই টাকা পরিশোধের জন্য কোম্পানির পক্ষ থেকে ২০১৩ সালের জানুয়ারির ১৬ তারিখ পর্যন্ত চারটি চিঠি দেওয়া হয়। তবে রহস্যজনক কারণে জরিমানা আদায় ছাড়াই কয়েক দিন পরে প্রতিষ্ঠানটিতে আবার গ্যাস সংযোগ দেওয়া হয়।
এদিকে টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়। কিন্তু তাদের আবেদন পুনর্বিবেচনা করার কোনো সুযোগ নেই বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। ওই চিঠিতে স্বাক্ষর করেন বাঘাবাড়ীর বেড়া সেকশনের উপব্যবস্থাপক আমিনুর রহমান খান।
২০১৩ সালের ১০ অক্টোবর থেকে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানা পরিশোধের জন্য সর্বশেষ তাগিদ দেওয়া হয়। পরিশোধ না করা হলে এই চিঠিকে সংযোগ বিচ্ছিন্নের চূড়ান্ত নোটিশ বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু দেড় বছর পরও কোম্পানির পক্ষ থেকে সংযোগ বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং আগের মতোই গত ৫ মার্চ চিঠি পাঠানো হয়েছে। আগের মতো এই চিঠিকেও চূড়ান্ত নোটিশ হিসেবে ঘোষণা দেওয়া হয়। তবে এবার জরিমানার টাকা পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবার চিঠিতে স্বাক্ষর করেছেন বাঘাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক জহুরুল হক।
জানতে চাইলে জহুরুল হক বলেন, বারবার চিঠি দিয়ে টাকা আদায় করতে না পেরে পিজিসিএল ও পেট্রোবাংলা যৌথভাবে বৈঠক করতে গিয়ে অনেক সময় পার করেছে। শেষ চিঠি পাওয়ার পর তারা টাকা দিতে রাজি হয়েছে। ইতিমধ্যে দেড় লাখ টাকার একটি পে-অর্ডার তারা পাঠিয়েছে বলে জানান তিনি।
সংযোগ বিচ্ছিন্ন করার পর জরিমানা না দিয়ে আবার কীভাবে সংযোগ পেয়েছিলেন—জানতে চাইলে মেসার্স বন্ধু সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের ব্যবস্থাপক টিপু বিশ্বাস বলেন, কোম্পানির পক্ষ থেকে যখন মিটার পরীক্ষার জন্য খুলে নিয়ে যায়, তখন তাঁরা দাবি করেছিলেন ওই মিটারে যদি কোনো জালিয়াতি ধরা পড়ে তাহলে যে দণ্ড দেওয়া হয়, তাঁরা মেনে নেবেন। তার আগে কেন তাঁরা এত দিন সিএনজি স্টেশন বন্ধ রাখবেন! এ জন্য তাঁরা সংযোগ দেওয়ার দাবি করলে আবার সংযোগ দিয়ে দেওয়া হয়।