জরিমানার টাকায় ভাগ বসাল পুলিশ!
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চুরির করার অপরাধে দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালিস বৈঠকে এ সিদ্ধান্ত দেন। ওই টাকা থেকে পুলিশ ১০ হাজার টাকা নিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত চারটার দিকে উপজেলার বাখরনগর গ্রামের মাখন মিয়ার বাড়ি থেকে একটি মুঠোফোন সেট ও এক ভরি ওজনের সোনার চেইন চুরি হয়। এ সময় মাখন মিয়ার বোন তাছলিমা আক্তারের চিৎকার শুনে এলাকাবাসী একই গ্রামের বাবু মিয়াকে (২২) চোর সন্দেহে ধরে ফেলেন।
মাখন মিয়া দাবি করেন, ধরার পর বাবু চুরির কথা স্বীকার করেন এবং ওয়াজেদ আলী নামের এক ব্যক্তির কাছে চেইন ও মুঠোফোন সেট দিয়ে দেওয়ার কথা জানান। সে অনুযায়ী তাঁরা বাবুকে দিয়ে মুঠোফোনে ডেকে ওয়াজেদ আলীকে আটক করেন। তাঁরা বিষয়টি দরিয়াদৌলত ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে জানান। চেয়ারম্যান চুরি যাওয়া মালামাল ফেরত দেওয়ার নির্দেশ দিলেও চোরেরা তা ফেরত দেননি। পরে চেয়ারম্যান পুলিশে খবর দেন। রাত নয়টা পর্যন্ত বাবু ও ওয়াজেদকে মাখন মিয়ার বাড়িতে আটকে রাখা হয়।
রাত সাড়ে নয়টার দিকে বাঞ্ছারামপুর থানার এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ বাখরনগর গ্রামে আসে। কিন্তু এসআই জাকির বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলেন। রাত ১০টার দিকে স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে চেয়ারম্যান সালিস বৈঠক করে ওই দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
মাখন মিয়া বলেন, ‘ইউপি চেয়ারম্যান ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা আমাদের এবং ১০ হাজার টাকা এসআই জাকির হোসেনকে দেওয়ার সিদ্ধান্ত দেন। আমাদের নগদ পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং বাকি ১৫ হাজার টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আর ১০ হাজার টাকা পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায়।’
বৈঠকে উপস্থিত এলাকার মিজান মিয়া বলেন, চোরেরা গরিব, তাই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্য থেকে মাখনকে ২০ হাজার টাকা আর থানার পুলিশকে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চেয়ারম্যান দাবি করেন, চোরদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর পুলিশকে কিছুই দেওয়া হয়নি।
এসআই জাকির হোসেন দাবি করেন, ‘টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। যাদের ধরা হয়েছে তাদের মারধরও করেছে এলাকাবাসী। আমরা বলেছি যেহেতু তাদের হাতেনাতে ধরতে পারেনি, তাই আগে আহত ব্যক্তিদের চিকিৎসা করান, তারপর যদি চুরির কথা স্বীকার করে তখন থানায় সোপর্দ করেন।’