জরুরি পথ বন্ধ করে স্থাপনা

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জেবিসি শপিং সেন্টারের নিচতলায় জরুরি প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে। জীবনবীমা করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি তাপস আইচের বিরুদ্ধে এই স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ভবনের মালিক জীবনবীমা করপোরেশন।
গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে এই স্থাপনার নির্মাণকাজ শুরু হয়। অবশ্য দুপুর দেড়টার দিকে পুলিশ নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় এস এম মুৎসুদ্দী নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় তাপসের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। এস এম মুৎসুদ্দীর বন্ধু জাবেদ সিদ্দিকী প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা দুই বন্ধু জায়গাটি করপোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়েছেন। কিন্তু তাপস আইচ প্রভাব খাটিয়ে সেখানে দোকান নির্মাণ করছেন।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের পেছনের দিকের ফটকটি বন্ধ করে ভেতরে স্থাপনা নির্মাণের কাজ চলছে। চারজন শ্রমিক সেখানে কাজ করছিলেন।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য তাপস আইচের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। জীবনবীমা করপোরেশনের চট্টগ্রামের মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, জীবনবীমা ভবনের ভাড়া-সংক্রান্ত সব কার্যক্রম ঢাকার প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয় বলে বিষয়টি তাঁর জানা নেই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পক্ষকে কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে।