দখল, উচ্ছেদ, আবার দখল। এই একই আবর্তে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের সড়ক। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে সড়কের দুই পাশ ও ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে কিছুদিন পরপর অভিযান চালানো হলেও কয়েক ঘণ্টার মধ্যে আবার ফিরে আসেন দোকানিরা। ফলে এ সমস্যার সমাধানে কার্যত কোনো পথ পাচ্ছে না ডিএসসিসি কর্তৃপক্ষ।
এদিকে এসব দোকানির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুনরায় দোকান বসানোর ক্ষেত্রে তাঁদের সহযোগিতা করার অভিযোগ রয়েছে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির কিছু সদস্যের বিরুদ্ধে। আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন সংগঠনের নামে পুলিশের যোগসাজশে ওই কর্মচারীরা এ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের ফটক থেকে বেরিয়েই ডান পাশে মূল সড়কের দুই দিকের ফুটপাত এবং রাস্তার একাংশজুড়ে গড়ে উঠেছে অনেকগুলো ভাতের হোটেল, ফল, পান-সিগারেটের দোকানসহ শতাধিক অবৈধ স্থাপনা। এর মধ্যে উত্তর পাশে মেডিকেল কলেজ হাসপাতাল গেটের কাছাকাছি জায়গায় ফুটপাত ঘেঁষে গড়ে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়।
একদিকে দুই পাশের ফুটপাতের পুরোটা দখলে থাকায় পথচারীরা সবাই মূল সড়ক ধরে চলাচল করছেন। অন্যদিকে সড়কের কিছু অংশ দখলে চলে যাওয়ায় যানজট তৈরি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন হাসপাতালে আসা লোকজন। দখলের একই দৃশ্য চোখে পড়ে শহীদ মিনার গেটের আশপাশের অংশজুড়েও।
কিন্তু বারবার উদ্যোগ নিয়েও এসব স্থাপনা চূড়ান্তভাবে উচ্ছেদ করতে ব্যর্থ হওয়ায় নিজেদের অসহায়ত্বের কথা জানালেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান। প্রথম আলোকে তিনি বলেন, ‘উচ্ছেদের কয়েক ঘণ্টার মধ্যেই জায়গাগুলো আবার দখল হয়ে যায়। কয়বার উচ্ছেদ করব? কতক্ষণ নজর রাখা সম্ভব?’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ফুটপাত দখল করে রাখা এসব নিম্ন আয়ের মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। প্রতিদিন অভিযান চালালে প্রতিদিনই তারা আবার বসে যায়।’ একেক সময় একেক চক্র ফুটপাতের এসব ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে জানিয়ে তিনি আরও বলেন, ‘এদের (চাঁদাবাজ) কয়েকজনকে আমরা ধরেছিলাম। আবার জামিনে বেরিয়ে গেছে।’
ওই চাঁদাবাজদের সঙ্গে পুলিশের কিছু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘আমার জানামতে, এ ধরনের ঘটনা ঘটেনি। আর যদি ঘটেও থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’