বাংলাদেশের ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনার প্রেক্ষাপটে এ আহ্বান জানাল গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।
গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞানবিষয়ক লেখক ও ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায়কে। এ ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এরপর গত মার্চ মাসে ঢাকায় একইভাবে কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সিলেটে কুপিয়ে হত্যা করা হলো আরেক ব্লগার অনন্ত বিজয় দাশকে।
এমন প্রেক্ষাপটে সিরিজে বলছে, এ দেশে মুক্তচিন্তার ব্লগারদের নিরাপত্তায় ঘাটতি রয়েছে। সংগঠনটির এশিয়া অঞ্চলের গবেষণা কর্মকর্তা (রিসার্চ অ্যাসোসিয়েট) সুমিত গালহোত্রা বলেন, এভাবে বারবার হত্যার ঘটনার প্রেক্ষাপটে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অবশ্যই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, অনন্ত বিজয় দাশের হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার মাধ্যমে কর্তৃপক্ষ এ ধরনের সহিংস ঘটনা কমিয়ে আনতে তাদের আন্তরিকতা দেখাতে পারে।