জলকপাটের জায়গায় পাকা স্থাপনা
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ডাকুয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলকপাট (স্লুইসগেট)-সংলগ্ন জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পাউবো থেকে কাজ বন্ধ করার নির্দেশ দিলেও তা না মেনে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে।
এদিকে জলকপাট-সংলগ্ন জমিতে পাকা স্থাপনা নির্মাণের ফলে ক্ষতিগ্রস্ত হয়ে জলকপাটটি অকেজো হয়ে গলাচিপা পৌর শহরের পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছে পৌরবাসী।
নদীবেষ্টিত গলাচিপা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের ডাকুয়া এলাকার স্লুইসগেটটি গলাচিপা পৌর শহরের পানিনিষ্কাশনে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই জলকপাটটির গা ঘেঁষে পূর্ব পাশে স্থানীয় হাবিব প্যাদা নামের এক ব্যক্তি কয়েক দিন ধরে একটি পাকা স্থাপনা নির্মাণ করছেন।
এদিকে গত রোববার সকালে সরেজমিনে দেখা যায়, বেড়িবাঁধের ওপর দিয়ে পাকা সড়ক চলে গেছে। গলাচিপা শহরের পানিনিষ্কাশনের জন্য নির্মিত জলকপাট-সংলগ্ন জমির মাটি কেটে বেজ ঢালাই দিয়ে কলাম দাঁড় করা হয়েছে। এখন বিম দিয়ে রড বিছানো হয়েছে। ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে।
পাউবোর জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার ব্যাপারে জানতে হাবিব প্যাদা জলকপাটের পাশের জমি নিজের দাবি করেন এবং সড়কের পাশে এই ঘরে তিনি তেল-মবিলের ব্যবসা করবেন বলে জানান। পৌর শহরে পাকা স্থাপনা অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে হাবিব প্যাদা বলেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে অনুমতি নিয়েই তিনি পাকা স্থাপনা তুলছেন। তবে আওয়ামী লীগের নেতাদের নাম তিনি জানাননি।
এদিকে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম বলেন, আওয়ামী লীগ থেকে এভাবে দখলের কোনো সুপারিশ করা হয়নি। বিষয়টি স্থানীয় সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে জানালে তিনি পাউবোর জমি দখলমুক্ত করার উদ্যোগ নিতে বলেছেন বলে জানান।
এদিকে পাউবোর গলাচিপার জরিপকারী (সার্ভেয়ার) মো. ফয়সাল বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে এভাবে পাউবোর জমি দখল করে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলে এসেছেন, কিন্তু তাঁদের নির্দেশ মানা হচ্ছে না। তিনি বলেন, এখানে পাকা স্থাপনা নির্মাণে পাউবো থেকে অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে দখলের উদ্দেশ্যে এভাবে পাকা স্থাপনা নির্মাণ করা হলে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত জলকপাটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
গলাচিপা পৌর মেয়র আহসানুল হক বলেন, আসলে এভাবে জলকপাটের পাশ দিয়ে মাটি কেটে পাকা স্থাপনা নির্মিত হলে জলকপাটটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পৌর শহরের পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়বে। কাজেই দখলমুক্ত করতে পৌরসভা থেকেও উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, সার্ভেয়ার পাঠিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে এ ব্যাপারে পুলিশের সহায়তা নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।