জলকপাট-সংলগ্ন জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজারের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জলকপাট-সংলগ্ন জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে হুমকির মুখে পড়েছে জলকপাটটি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আমতলী উপজেলার চাউলা বাজারের ৪৩/১-এ নম্বর পোল্ডারে বন্যানিয়ন্ত্রণ বাঁধে পাউবো ১৯৮৪ সালে দুই কপাটের একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করে। ওই জলকপাট দিয়ে গোটা আঠারোগাছিয়া ইউনিয়নের পানি নিষ্কাশিত হয়।
অভিযোগ আছে, একই এলাকার আজগর আলী, সেকান্দার মাস্টার, হানিফ পেয়াদা, সালাম মৃধা ও নশা তালুকদার জলকপাট-সংলগ্ন জমি দখল করে সেখানে পাকা ভবন নির্মাণ করেছেন। এতে জলকপাটটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলকপাটের পিলার ঠেকিয়ে যেভাবে এসব পাকা ভবন নির্মাণ করা হয়েছে, তাতে যেকোনো সময় জলকপাটটি ধসে পড়তে পারে।
আজগর আলী ভবন নির্মাণের কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, ‘এতে জলকপাটের কোনো ক্ষতি হবে না। চাউলা বাজারের সব জমি পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা। অধিগ্রহণের আগে এ জমির অধিকাংশ আমার রেকর্ডীয় সম্পদ ছিল। পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ করায় আমি ক্ষতিগ্রস্ত। তাই ভবন নির্মাণ করে ব্যবসা করছি।’
তিনি আরও বলেন, এ বাজারে অর্ধশতাধিক পাকা ও আধা পাকা ঘর রয়েছে। এসব স্থাপনা নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কোনো অনুমতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, কোনো অনুমতি নিইনি।’
পাউবোর আমতলী কার্যালয়ের শাখা কর্মকর্তা (এসও) মো. আবদুল মান্নান বলেন, ‘জলকপাট-সংলগ্ন জমি দখল করে পাকা ভবন নির্মাণ করায় এটি রক্ষণাবেক্ষণে অসুবিধা হচ্ছে। জমি দখল করে পাকা ভবন নির্মাণ করার খবর পেয়ে কাজ বন্ধের নোটিশ দিয়েছি। কিন্তু তাঁরা নোটিশের তোয়াক্কা না করে পাকা ভবন নির্মাণ করেছেন।’
বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, জলকপাট-সংলগ্ন জমি দখল করে পাকা ভবন নির্মাণ করলে জলকপাটের ক্ষতি হয়। অনুমতি ছাড়া অবৈধভাবে যাঁরা ভবন নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।