জলঢাকায় ঈদের চাল পায়নি ৮৮১ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে গতকাল শুক্রবার পর্যন্ত ৮৮১টি দুস্থ পরিবার ঈদের চাল পায়নি। ৩ অক্টোবর চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
কৈমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কহিনুজ্জামান বলেন, ‘যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার কারণে ঈদের আগে ৮৮১টি দুস্থ পরিবারকে চাল দেওয়া সম্ভব হয়নি। ওই সব পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৮৮১ জনের চাল এখনো গুদামে জমা আছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দেবে, আমি সেভাবে চাল বিতরণ করব।’
কহিনুজ্জামান জানান, ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের ১০ হাজার ১৬২টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য প্রায় ১০২ মেট্রিক টন চাল বরাদ্দ আসে। ওই চাল বিতরণে স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা এক হাজার ৩০০, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলী এক হাজার ৩০০, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ৮৮১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯০টি দুস্থ পরিবার নির্বাচন করে তালিকা দেন। সেই তালিকা অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৩ অক্টোবর) চাল বিতরণ শুরু করা হয়। কিন্তু ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি আবদুল ওয়াহেদের নির্বাচিত উপকারভোগীদের চাল নিতে বাধা দেন ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকসুদার রহমান। এ সময় উপস্থিত যুবলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচিত ৮৮১ জনের চাল বিতরণ স্থগিত করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত হন।
পরদিন শনিবার আবদুল ওয়াহেদ বাদী হয়ে মকসুদার রহমানকে প্রধান আসামি করে ১৬ জনের নামে দ্রুত বিচার আইনে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে মকসুদার রহমানের বাবা সাইদার রহমান রোববার আবদুল ওয়াহেদকে প্রধান আসামি করে ২৭ জনের নামে আরেকটি মামলা করেন।
জলঢাকার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী কমিশনার-ভূমি) ফকরুল হাসান বলেন, ‘ইউএনও ঈদের ছুটি থেকে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’