জলঢাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ড ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর শনিবার শিশুটির বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে জলঢাকা থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে ওই বাড়ির কর্তার শ্যালক মোস্তাফিজুর রহমান (১৮) ওই শিশুকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মোস্তাফিজুর পালিয়ে যান। তিনি এখনো পলাতক আছেন। এ বিষয়ে ‘জলঢাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার’ শিরোনামে শনিবার প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, গত বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন। শুক্রবার সকালে লিখিত অভিযোগ করার কথা থাকলেও শনিবার দুপুরে থানায় এসে একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনায় মোস্তাফিজুরকে সহযোগিতা করার জন্য তাঁর ভগ্নিপতিকে আসামি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে রোববার হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।