জলঢাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ড ইউনিয়নের একটি সরকারি আবাসন প্রকল্পে থাকা চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি স্থানীয় চৈতন্যঘাট ইবতেদায়ি মাদ্রাসার ছাত্রী। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান (১৮) আত্মগোপন করেছেন। মোস্তাফিজুর একই ইউনিয়নের ভাবনচুর বেলাল মেম্বার পাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।
ধর্ষণের শিকার মেয়েটি জানায়, বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে ওই বাড়ির কর্তার শ্যালক মোস্তাফিজুর তাকে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মোস্তাফিজুর পালিয়ে যান।
প্রতিবেশী হালিমা বেগম (৬০) ও মোশাররফ হোসেন (৩৫) বলেন, এলাকাবাসী ঘটনার বিচার দাবি করলে বাড়ির মালিকও পালিয়ে যান।
মেয়ের মা বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই।’
গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য (৪, ৫, ৬) মোর্শেদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে মেয়ের বাবা থানায় এসে মৌখিক অভিযোগ করেন। তবে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। সেখানে লোক পাঠানো হয়েছে, বিষয়টি আমরা দেখছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’