জলঢাকায় জমি দখলের চেষ্টার অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে সমাজসেবা অধিদপ্তরের ৩২ শতাংশ জমি মমিনুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ধর্মপাল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মরহুম সাংবাদিক ওবায়দুল মোকাদ্দেস চৌধুরী সমাজসেবা অধিদপ্তর ও আন্তর্জাতিক শিশুকল্যাণ সংস্থার নামে ১৯৮০ সালের ৬ অক্টোবর ওই ৩২ শতাংশ জমি দান করেন। সেখানে তিনি একটি আধা পাকা ঘরও নির্মাণ করে দেন। এরপর সরকারি উদ্যোগে স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সেখানে নানামুখী কার্যক্রম শুরু হয়। প্রায় ১০ বছর চলার পর সেখান থেকে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ওবায়দুল ওই জায়গাটি দেখাশোনা করতেন। কিন্তু ওবায়দুল অসুস্থ হলে পাইটকাপাড়া গ্রামের মমিনুর ওই জায়গা দেখাশোনা করতেন। সেই সুবাদে মমিনুর প্রথমে সেখানে একটি দোকানঘর স্থাপন করেন। সম্প্রতি তিনি ওই জায়গায় টিনের বেড়া দেন। পরে স্থানীয় লোকজন বুঝতে পারেন, মমিনুর ওই জায়গা দখলে নেওয়ার পাঁয়তারা করছেন।
ওই দানপত্রের সাক্ষী মোস্তাফিজার রহমান বলেন, সাংবাদিক ওবায়দুল এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে জমিটি দান করেছিলেন। সমাজসেবা বিভাগের উদাসীনতার জন্য জমিটি বেদখল হওয়ার পথে। এলাকার লোকজন এর প্রতিবাদ করলে মমিনুর বলেন, তিনি সমাজসেবা বিভাগের নির্দেশে এ কাজ করেছেন।
ওবায়দুলের স্ত্রী গোলে জান্নাত হিলালা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী জমিটি দেখাশোনাও করতেন। তিনি অসুস্থ হওয়ার পর সেখানে যেতে পারতেন না। বছর খানেক আগে তিনি মারা যাওয়ার পর জমিটি দখলে নেওয়ার পাঁয়তারা শুরু করেন মমিনুর। এ বিষয়ে আমি ৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে আবেদন করি। জমিটি দখলমুক্ত হয়ে এলাকার মানুষের উন্নয়নে ব্যবহার হলেই আমি খুশি।’
মমিনুর বলেন, ‘জলঢাকা সমাজসেবা কার্যালয় আমাকে জমিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। এলাকার ছেলেরা এখানে ব্যাডমিন্টন খেলার জন্য জায়গা চায়। আমি না দেওয়ায় কিছু মানুষ আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। এ কারণে জমিটি ঘিরে রেখেছি।’ তবে তিনি এ–সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিমুন আখতার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা কার্যালয়ের পরবর্তী সভায় উপস্থাপন করব। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা জমিটি দখলমুক্ত করে রাখব, নাকি দাতার জমি দাতাকে ফেরত দেব।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. হাসান হাবীব বলেন, জায়গাটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।