জলদস্যু বাহিনী প্রধান গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে জলদস্যু আফসার বাহিনীর প্রধান নুরুল আফসারকে অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন স্থানীয় র‍্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বলেন, আজ ভোরে র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়নের উপকূলীয় ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে জলদস্যু বাহিনী প্রধান আফসারকে আটক করতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আফসার বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে বাহিনী প্রধান আফসারের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার ও সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, একটি করে চাইনিজ কুড়াল, ধামা ও ছোরা উদ্ধার করে। তাঁকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওরফে ভুট্টু বলেন, নুরুল আফসার চর ছান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এর আগে তিনি ইউনিয়ন আহ্বায়ক কমিটির নেতা ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তার বিরুদ্ধে হত্যা, অপহরণ এবং মুক্তিপণের ৫টি মামলা ছাড়াও বহু অভিযোগ আছে।