জলদস্যু বাহিনীর প্রধানকে গ্রেপ্তারের দাবি জেলেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার জেলেরা মেঘনা নদীতে ত্রাস সৃষ্টিকারী জলদস্যু আলতু বাহিনীর প্রধান আলতু সরদারকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। শহরে মানববন্ধন ও পথসভা করে গতকাল সোমবার তাঁরা এ দাবি জানান।

উত্তর মেঘনার শতাধিক জেলে গতকাল অটোরিকশা ও টেম্পোতে করে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ভোলা শহরে আসেন। বেলা ১১টার দিকে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনে দাঁড়িয়ে যান। এ সময় জেলেদের পক্ষে সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হানিফ বলেন, মেহেন্দীগঞ্জের আলতু সরদার ভোলার উত্তর মেঘনার জেলেদের আতঙ্ক। তিনি ছয়-সাত বছর ধরে জেলেদের কাছ থেকে ও ঢাকা-চট্টগ্রাম নৌপথের কার্গো জাহাজ থেকে চাঁদাবাজি করে আসছেন।

জেলেরা বলেন, ১০০ টাকার মাছ বিক্রি করলে৫ টাকা চাঁদা দিতে হয় আলতুকে।তা ছাড়া তিন থেকে চার টাকা দামের একটি চিংড়িরেণু বিক্রি করলে এক টাকা চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে জেলেদের আলতু বাহিনীর সদস্যরা মেঘনায় জাল ফেলতে দিচ্ছে না। জাল ফেললে জেলেদের পিটিয়ে নদীতে ফেলে দিচ্ছে।

জেলেরা অভিযোগ করেন, মেহেন্দীগঞ্জের ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলতুর সখ্য থাকায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও দেন জেলেরা। জেলা প্রশাসক মো. সেলিম রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুদ্দিন বলেন, আলতু সরদারের বিরুদ্ধে ভোলা থানায় ডাকাতির মামলাসহ বেশ কয়েকটিমামলা আছে। সর্বশেষ জানুয়ারির ২৩ তারিখে তাঁর বিরুদ্ধে মামলা হয়।