জলদস্যুদের গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর মোহনার গ্যাসফিল্ডের জলসীমায় গত শনিবার দিবাগত রাতে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন ১৮ জন।
নিহত জেলের নাম মহসিন মাঝি (৪৩)। তাঁর বাড়ি ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আনন্দবাজার এলাকায়।
এফ বি শারমিন ট্রলারের মালিক বশির মাঝি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় নোয়াখালীর হাতিয়ার দক্ষিণে ও ভোলার মনপুরার দক্ষিণ-পূর্বে গ্যাসফিল্ডের জলসীমায় ৩০-৪০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় দস্যুরা ট্রলারগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তাঁর ট্রলারের জেলে মহসিন মাঝি মারা যান। দস্যুরা তাঁর ট্রলারে উঠে জেলেদের পিটিয়ে সাগরে ফেলে দেয়। তিনি পরে তাঁদের ট্রলারে উঠিয়ে আনেন। এ সময় দস্যুরা ৩০টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে। এফ বি শারমিন ট্রলারটিও ডাকাতির কাজে ব্যবহার করা হয়। রোববার ভোরে এফ বি শারমিন ট্রলারের মাছ, জাল, মালামাল ও ইঞ্জিন লুট করে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে ট্রলারটি ভাসতে ভাসতে হাতিয়ার কাছে নোঙর করে। গতকাল বিকেলে মহসিন মাঝির লাশ ও আহত ব্যক্তিদের মনপুরায় নিয়ে আসা হয়।
জলদস্যুদের হামলায় আহত জেলেদের সবার বাড়ি মনপুরার বিভিন্ন ইউনিয়নে। মনপুরা থানার ওসি শাহিন খান বলেন, বেলা একটায় মুঠোফোনে খবর আসে ট্রলারটি ভাসতে ভাসতে হাতিয়ার কাছাকাছি সাগরে নোঙর করেছে। হাতিয়ার পুলিশকে তা উদ্ধার করতে বলা হয়েছে।