জলদস্যুরা আরও দুর্ধর্ষ অসহায় জেলেরা
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে সুন্দরবন এলাকার বিভিন্ন জলদস্যু বাহিনী। গত ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে সেখানে ৭৪টি ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়। এ সময় দস্যুদের গুলিতে নিহত হন এক জেলে। আহত হন ২২ জেলে। অপহরণ করা হয় তিন জেলেকে। লুট করা হয়েছে ট্রলার, মাছ, জাল, জ্বালানিসহ কোটি টাকার সম্পদ।
মহিপুর মৎস্যবন্দরের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে সাগরে জলদস্যুদের উপদ্রব শুরু হয়। ইলিশ শিকারের সময় জলদস্যুরা হঠাৎ দ্রুতগামী ট্রলারে এসে জেলেদের ওপর হামলা চালায়। লুট করে নিয়ে যায় মাছ, জাল, জ্বালানি। ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে মুক্তিপণও আদায় করা হচ্ছে।
কয়েকজন জেলে জানান, ৩১ আগস্ট সকালে কুয়াকাটাসংলগ্ন সাগরে জলদস্যুরা এফবি সামসুদ্দিন ও এফবি বসুন্ধরা-৪ ট্রলারে হামলা চালায়। সে সময় জলদস্যুদের গুলিতে এফবি বসুন্ধরা-৪ ট্রলারের মাইজল মাঝি নিহত হন। ঘটনার পর থেকে জেলেদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। এ ঘটনায় আহত হন সাত জেলে। অপহরণ করা হয় জিয়াউদ্দিন নামের আরেক মাঝিকে।
পরদিন ভোররাতে রাঙ্গাবালী উপজেলার সোনার চরসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে জেলেদের ১৭টি ট্রলারে ডাকাতি হয়। এদিন দস্যুরা কুপিয়ে ও পিটিয়ে ১৪ জেলেকে আহত করে। এরপর ট্রলারগুলো থেকে নগদ অর্থ, মাছসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে। আহত জেলেদের মধ্যে পাঁজজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. এনায়েত হোসেন, আবদুল কাদের, কবির হোসেন, বাকের মিয়া ও মো. জাহাঙ্গীর। অন্য নয়জনকে ভোলার চরফ্যাশনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
জলদস্যুদের কবল থেকে ফিরে আসা নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, এর আগে ট্রলার ও জেলেপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা দাবি করলেও জলদস্যুরা এখন দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এ ছাড়া সিগারেট, চালসহ শুকনো খাবার নিয়ে আসার জন্য শর্ত জুড়ে দিচ্ছে। তবে কে কত টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসছেন, তা বলতে চাইছেন না তিনি।
মহিপুর-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দাস বলেন, দস্যুদের ভয়ে জেলেরা এখন অসহায়। সাগরে নামলেই আতঙ্কে থাকতে হয় তাঁদের। অপহৃত জেলেদের উদ্ধারের জন্য স্বজনেরা বিভিন্ন জায়গায় ছুটছেন। তবে ক্ষতির আশঙ্কায় কেউ মুখ খুলছেন না। সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ মাসুম বলেন, এই মৌসুমে অন্তত দেড় শ জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে।
কোস্টগার্ডের বরগুনার পাথরঘাটা পেটি কর্মকর্তা (পিও) মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, জলদস্যুদের প্রতিরোধে তৎপরতা অব্যাহত রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবন এলাকায় অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
পটুয়াখালীর পুলিশ সুপার মো. মোসফিকুর রহমান জানান, জলদস্যুদের তৎপরতা বন্ধে কোস্টগার্ড, র্যাবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে সাগরে যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।