জলমহলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলমহলের সামনে পাহারাদার নিহত রহমান মোল্লা (বায়ে শার্ট গায়ে)। ছবি: সংগৃহীত
জলমহলের সামনে পাহারাদার নিহত রহমান মোল্লা (বায়ে শার্ট গায়ে)। ছবি: সংগৃহীত

নড়াইলে জলমহলে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নড়াইল সদর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার ভোররাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ বুলবুল আহম্মেদ বলেন, তপনভাগ গ্রামে ১৬ একরের একটি খাস জলমহল আছে। গ্রামের আয়েন উদ্দীন মোল্লা ও তাঁর শরিকেরা এটি নিজেদের মালিকানা দাবি করায় সরকার আদালতে মামলা করে। মামলায় আয়েন উদ্দীনরা হেরে যান। সদর উপজেলা পরিষদ জলমহলটি সম্প্রতি সীতারামপুর গ্রামের গোধূলি মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছরের জন্য বন্দোবস্ত দেয়। আজ ভোররাতে আয়েন উদ্দীনের লোকজন মাছ ধরতে গেলে জলমহলের পাহারাদার রহমান মোল্লা ও তাঁর লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১৪ জন আহত ও রহমান মোল্লা নিহত হন।

গোধূলি সমবায় সমিতির সভাপতি পঙ্কজ কুমার রায় বলেন, সদর উপজেলা পরিষদ থেকে ১ লাখ ৮৬ হাজার টাকায় চলতি বছরের পয়লা বৈশাখ থেকে তিন বছরের জন্য ওই জলমহল বন্দোবস্ত নেওয়া হয়। আয়েন উদ্দীন আজ ভোরে জোর করে জলমহলে মাছ ধরতে গেলে রহমান মোল্লা বাধা দেন। এ সময় আয়েন উদ্দীন ও তাঁর লোকজন তাঁকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে ।

নড়াইল সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. আমানুল্লাহ আল বারী প্রথম আলোকে বলেন, রহমান মোল্লাকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করা হয়। তাঁকে নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গোলাম রসুল নামের একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।