>

সুনামগঞ্জের দিরাই
জলমহালের দখল নিয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা মোশাররফ মিয়ার সঙ্গে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের বিরোধ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের লোকজনের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশে জারুলিয়া জলমহাল নিয়ে গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তিরা হলেন হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলপুর গ্রামের সাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ জনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক মফিজউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, সেখানে ভর্তি ২০ জনের সবার শরীরে বন্দুকের ছররা গুলির ক্ষত রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, দিরাই উপজেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে জারুলিয়া জলমহাল। এটি প্রশাসনের কাছ থেকে নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নেওয়া। সমিতিকে সামনে রেখে মূলত এর ভোগদখল করে আসছিলেন দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার পক্ষের লোকজন। জলমহালটির দখল নিয়ে তাঁদের সঙ্গে হাতিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের লোকজনের আগে থেকেই বিরোধ চলছে। মৎস্য আহরণ মৌসুম সামনে রেখে এ বছর এ বিরোধ চরমে ওঠে। এর ধারাবাহিকতায় গতকাল ভয়াবহ ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। সংঘর্ষে নিহত তিন ব্যক্তিই একরার হোসেনের সমর্থক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে একরার হোসেনের লোকজন লাঠিসোঁটা ও অন্য অস্ত্রশস্ত্র নিয়ে জলমহালের দখল নিতে গেলে সেখানে থাকা সমবায় সমিতির লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিতে আহত তাজুলকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুলিবিদ্ধ সাহারুল ও উজ্জ্বলকে বেলা তিনটার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস অভিযোগ করেন, একরার হোসেনের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে জলমহালের দখল নিতে যান এবং তাঁদের ওপর হামলা চালান। সমিতির লোকজন কাউকে গুলি করেননি। একরারের লোকেরা নিজেদের লোক মেরে এখন তাঁদের ফাঁসাতে চাইছেন।
তবে একরার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি সমিতির কাছ থেকে ছয় বছরের চুক্তিতে জলমহাল মাছ ধরার জন্য নিয়েছেন। তাই জলমহালটি তাঁর দখলে। সকালে আওয়ামী লীগের নেতা মোশাররফ মিয়ার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে জলমহালে গিয়ে তাঁদের ওপর হামলা ও গুলি চালান।
এদিকে মোশাররফ মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি দিরাই পৌর শহরে থাকি। আমার কোনো বিলের ব্যবসা নেই। এসবের কোনো কিছুই আমি জানি না।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ দুই পক্ষের সংঘর্ষে একজন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে শুনেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। কাউকে আটক করা হয়নি।
বিলের মাছ খাইতে গিয়া ই-বার আগে মানুষ খাইলা!
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গতকাল বিকেলে গিয়ে দেখা গেল, সেখানে রাখা দুটো লাশ। একবার মর্গে আবার হাসপাতাল ওয়ার্ডে ছুটে যাচ্ছিলেন হন্তদন্ত হয়ে কয়েকজন। এরই এক ফাঁকে আফজল মিয়া নামে মর্গের সামনে একজনকে রাগে-ক্ষোভে বলতে শোনা গেল, ‘মেয়র অইয়াও বিল (মাছ) খাওয়ার লালস (লোভ) ছাড়লা না! বিলের মাছ খাইতে গিয়া ই-বার আগে মানুষ খাইলা!’
হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে থাকা হাতিয়া গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, প্রায় পাঁচ বছর ধরে মাছ ধরার মৌসুমে জলমহালটিকে ঘিরে হাতিয়া গ্রামসহ আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। গত বছর জলমহালটি দখল করে মাছ ধরায় নেতৃত্ব দেন দিরাই পৌরসভার বর্তমান মেয়র মোশাররফ হোসেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে মোশাররফ মেয়র হওয়ায় এবার কোনো অঘটন ঘটবে না বলে মনে করছিলেন তাঁরা।
ছররা গুলিবিদ্ধ হাতিয়া গ্রামের হাফিজ আহমদ, আবদুল মালেক ও সোনাহর আলী বলেন, সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের একরার হোসেনের মধ্যে বিরোধ ছিল। একরার সমিতির কাছ থেকে ছয় বছরের জন্য ইজারা নিয়ে এবার মাছ ধরার মৌসুমকে সামনে রেখে জলমহাল দখলে রাখেন। সমিতির কাছ থেকে গত বছর মাছের ভাগ পাওয়ায় এবার পৌর মেয়র সশস্ত্র লোক পাঠিয়ে হামলার ঘটনা ঘটিয়েছেন।