জলমহাল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬

কিশোরগঞ্জের নিকলীতে জলমহালে বাঁধ দেওয়া নিয়ে ইজারাদার ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে স্কুলছাত্রসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৪৮ একর আয়তনের ছাকিডুয়ার বিল তিন বছর মেয়াদে লিজ নিয়ে মাছ চাষ করছেন ইজারাদার মতি মিয়ার লোকজন। জলমহালের বাইরে কৃষকদের জমিতে পাটিবাঁধ দেওয়ার খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোর থেকে এলাকার কয়েক শ কৃষক নোয়াপাড়া এলাকায় ইজারাদারের লোকজনকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষে বাগ্বিতণ্ডা হয়। পরে বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ইজারাদারের লোকদের বন্দুকের গুলিতে এক স্কুলছাত্রসহ কমপক্ষে ছয়জন গ্রামবাসী আহত হন।
আহত ব্যক্তি হলেন নিকলী উপজেলার কাঠালকান্দা গ্রামের অলী মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৪০), আহসানপুর গ্রামের হোসেন আলীর ছেলে এরিক মিয়া (২৫), নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে আবদুল বারিক (৪২), একই গ্রামের নজরুল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২), আবদুর রহমানের ছেলে মনু মিয়া (৩৮) ও বড়কান্দা গ্রামের রেন্টু মিয়ার ছেলে মো. রাব্বিল (১৫)। রাব্বিল উপজেলার আলীয়পাড়া বড়কান্দা নুরজাহান হোসেন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এঁদের মধ্যে নাজমুলকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল ও অন্যদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা আলী আকবর খান বলেন, ‘আমার কাছে আহত ছয় ব্যক্তি এসেছিলেন। তাঁদের শরীরে ছররা গুলির আঘাতের চিহ্ন ছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
এলাকাবাসীর অভিযোগ, ছাকিডুয়ার জলমহালের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইজারাদারদের বিরোধ চলে আসছে। আধিপত্য বিস্তার করে বিলের আশপাশের লোকজনের কয়েক শ একর জমিতে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন ইজারাদার। ভাসমান পানিতে সাধারণ মৎস্যজীবীদের মাছ ধরতে দেন না ইজারাদারের লোকজন। এমনকি গ্রামবাসীরা হাওরে গেলেও নির্যাতন চালানো হয়। সেচ মৌসুমে ইজারাদার বিল শুকিয়ে মাছ ধরেন। এতে বিলপারের শতাধিক একর জমিতে সেচের ক্ষেত্রে সমস্যা হয়।
কৃষকদের নেতা মইজ উদ্দিন বলেন, ইজারাদারদের অত্যাচারে জেলে ও বিলপারের কৃষকেরা প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে বারবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। উল্টো একাধিক মিথ্যা মামলা ও গ্রেপ্তারে হয়রানির শিকার হচ্ছেন কৃষক ও জেলেরা।
ইজারাদার নোয়াপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও ছাকিডুয়ার জলমহালের ইজারাদার মতি মিয়া বলেন, কৃষকদের সঙ্গে তাঁর লোকদের একটি ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু গুলির বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গুলির কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে তিনি শুনেছেন।