জলমহালে অবৈধভাবে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদের সঙ্গে যুক্ত সুনই জলমহাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় সাংসদের বড় ভাইয়ের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনাই নদ থেকে আসা সুনই জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এটির সর্বশেষ দেওয়া ইজারার মেয়াদ ছিল বাংলা ১৪১৭ সনের ৩০ চৈত্র পর্যন্ত। ইজারামূল্য ছিল ৪০ লাখ ১০ হাজার টাকা। জলমহালটির আয়তন ২২১ একর ১৮ শতক। চার বছর ধরে জেলা প্রশাসন থেকে খাস আদায়ের (এক বছর) মাধ্যমে এর ইজারা দেওয়া হচ্ছে। চলতি ১৪২২ বাংলা সনের জন্য এখনো এর ইজারা দেওয়া হয়নি।
এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, গত এপ্রিলের শেষ সপ্তাহে ১৫-২০ জন লোক নিয়ে উপজেলার নওধার গ্রামের বাসিন্দা স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতনের বড় ভাই মোশারফ হোসেন ওরফে হাজি মাসুদ জলমহালটির দখল নেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে পাহারার জন্য ওই জলমহালে ১০-১২ জন লোক নিয়োগ দেন তিনি। মাস খানেক ধরে তিনি জেলেদের দিয়ে রাতের বেলায় মাছ শিকার করছেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশ জানলেও সাংসদের ভাই বলে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, পাহারা বসানোর পর থেকে জলমহালের সীমানার বাইরে প্রায় ২৫০ মিটারের মধ্যে কোথাও জাল ফেলতে দেওয়া হচ্ছে না। ওই জলমহাল ও আশপাশে জাল নিয়ে মাছ ধরতে গেলে তাঁদের নানাভাবে হয়রানি করা হয়।
গত বুধবার বেলা ১১টায় জলমহালে গিয়ে দেখা যায়, এর দক্ষিণ অংশে পাহারাদারদের জন্য একটি পাকা ঘর আছে। সেখানে ছয়-সাতজন অবস্থান করছেন। ১৫-১৬ বছর আগে এক ইজারাদার ঘরটি নির্মাণ করেন বলে জানা যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ওরফে বিলকিস বলেন, সাংসদের ক্ষমতার প্রভাব খাটিয়ে তাঁর বড় ভাই জলমহালটি চার মাস ধরে অবৈধভাবে দখলে রেখেছেন। তিনি জেলেদের দিয়ে জলমহাল থেকে মাছ শিকার করে লাখ লাখ টাকা লুটে নিচ্ছেন। অথচ স্থানীয় জেলেরা জাল নিয়ে সেখানে মাছ ধরতে গেলে তাঁদের মারপিট করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
মোশারফ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে জলমহাল দখল করে পাহারাদার নিয়োজিত করাসহ অন্যান্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ছোট ভাই এমপি মোয়াজ্জেম হোসেনসহ আমাদের এলাকার মানুষের কাছে হেয় করার জন্য একটি বিশেষ মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’
পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, ‘চলতি ১৪২২ বঙ্গাব্দে এ জলমহাল ইজারা দেওয়া-সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো আমি পাইনি। জলমহালটি কে বা কারা দখলে রেখেছে, সেটি আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক বলেন, ‘জলমহালটি এখন কী অবস্থায় আছে, তা আমার জানা নেই। জলমহাল রক্ষণাবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি এখনো পাইনি। চিঠি পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, জলমহালটি এখন পর্যন্ত ইজারা দেওয়া হয়নি। যদি কেউ এটি দখল করে বা সেখান থেকে মাছ শিকার করে থাকে, তাহলে খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া জলমহালটি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য ইউএনওকে চিঠি দেওয়া হয়েছে।