জলমহালে বেড়া দিয়ে মাছ চাষ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বদ্ধ জলমহালে দীর্ঘদিন ধরে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করছেন স্থানীয় এক স্কুলশিক্ষক। জলমহালটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলায় দুই বছর আগে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এটিকে উন্মুক্ত ঘোষণা করলেও কোনো তোয়াক্কা না করেই ওই শিক্ষক মাছ চাষ করছেন। এতে আশপাশের জায়গায় ধান চাষ ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দৌলতদিয়ার ডাকবাংলো থেকে উজানচরের গাজীডাঙ্গা পর্যন্ত প্রায় ২৬ দশমিক ৩৬ একরজুড়ে উজানচর বদ্ধ জলমহাল। স্থানীয় লোকমান গায়ান প্রায় পাঁচ বছর ধরে বিশাল জায়গায় বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করছেন। তিনি উজানচর জামতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দক্ষিণ উজানচর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক।
২০০৯ সালের সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, খাস জলাশয় ও জলমহালগুলো প্রকৃত মৎস্যজীবীদের অনুকূলে বন্দোবস্ত প্রদানে অগ্রাধিকার দেওয়া এবং রাজস্ব আয়ের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধিসহ জীববৈচিত্র্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। জলমহাল নিয়ে সরকার ও উজানচর মৎস্যজীবী সমবায় সমিতির মধ্যে কয়েক বছর ধরে মামলা চলায় উচ্চ আদালত জলমহালে নামতে নিষেধাজ্ঞা দিয়েছেন। বিরোধ থাকায় ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর সাংসদ কাজী কেরামত আলী জলাশয়টিকে উন্মুক্ত ঘোষণা করেন। কিন্তু লোকমান গায়ান সাংসদের ঘোষণা উপেক্ষা করে প্রায় পাঁচ একর জায়গায় বেড়া দিয়ে ঘিরে মাছ চাষ করছেন।
সরেজমিনে দেখা যায়, হায়দার শেখ ও আমির আলী নামের দুজন জলমহালে কাজ করছেন। তাঁরা মাসিক বেতনে কাজ করেন। পাহারার জন্য একজন নৈশ প্রহরীও রয়েছে। প্রায় দেড় হাজার বাঁশের ঘের, সুতি ও কারেন্ট জাল দিয়ে মাছ চাষের জায়গাটি আটকে রাখা হয়েছে। নিরাপত্তার জন্য দুটি চৌকি ঘরও রয়েছে। স্থানীয় আবু সাইদ মণ্ডল, মতিয়ার মণ্ডল, আকমল শেখ, খালেক খান, মজনু, আরশাদ আলীসহ অনেকে বলেন, জোর করে লোকমান গায়ান জমি দখল করে মাছ চাষ করছেন। এ নিয়ে তাঁর (লোকমান) সঙ্গে অনেক ঝগড়াও হয়েছে। এ ছাড়া বেড়ার কারণে আশপাশের জমির মালিকেরা ধান চাষ করতে পারছেন না।
উপজেলা মৎস্য কার্যালয় জানায়, মৎস্য দপ্তরের অনুমোদনে জলমহালটিতে (মরা পদ্মা নদীতে) সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাছ চাষ করা যায়। দীর্ঘদিন জাল ঘিরে রাখলে তাতে আবর্জনা পচে পরিবেশদূষণ ও নদীর মাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে।
লোকমান গায়ান বলেন, ‘এর আগে জলমহালে প্রায় ২৫ লাখ টাকা খরচ করে মাছ ছেড়েছিলাম। দুই বছর আগে সাংসদ উন্মুক্ত ঘোষণা করায় লোকসান হয়।’ আদালতে মামলার বিষয়ে তিনি বলেন, সম্প্রতি সমিতির পক্ষে রায় হয়েছে। তবে তিনি এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় বলেন, ‘বদ্ধ জলমহাল নিয়ে উচ্চ আদালতে মামলা চলায় আমাদের করার কিছু নেই। আদালত বা সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তবে নদী আটকে বা বেড়া দিয়ে মাছ শিকার করা শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া উপজেলায় ১ হাজার ৪০৭ জন জেলের নিবন্ধনের জন্য যে খসড়া তালিকা হয়েছে, তার মধ্যে ওই মৎস্যজীবী সংগঠনের একজন জেলেও নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, সাধারণ জেলে ও স্থানীয় জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণার পর কেউ নদী আটকে মাছ চাষ করতে পারবে না। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে বলা হবে।