জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনি জলমহালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
নিহত ব্যক্তির নাম মজনু মিয়া (৬০)। তিনি উপজেলার তেতৈয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেতৈয়া গ্রামের বাসিন্দা কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান ও কুলঞ্জ গ্রামের ডুনেল মিয়ার মধ্যে টাংনি জলমহালের দখল নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন জলমহালে গেলে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মুজিবুর রহমানের পক্ষের মজনু মিয়া। এ সময় আহত হন আবদুর রহিম (৫০), সাহেদ আলী (২৫), সুপার মিয়া (৩৫) ও নাজমুল আলম (২৫)। তাঁদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জলমহালের পাশে তার মালিকানাধীন কিছু জমি আছে। তিনি দাবি করেন, ওই জমিতে তাঁর লোকজন যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে মনজু মিয়াকে হত্যা করেছে।
ডুনেল মিয়া দাবি করেছেন, জলমহালটি তারা ইজারা নিয়েছেন। কিন্তু মুজিবুর রহমানের পক্ষের লোকজন জোর করে মাছ ধরতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মজনু মিয়া মারা গেছেন। তার লোকজন কাউকে মারেনি।
সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।