জলাবদ্ধতা ও দখলে বেহাল পূর্ব আগারগাঁও সড়ক

জলাবদ্ধতা ও দখলে বেহাল অবস্থা রাজধানীর পূর্ব আগারগাঁও সড়কের। নর্দমার পানি আর খানাখন্দে ভরা এ সড়কে সারা বছর জলাবদ্ধতা লেগে থাকে। একটু বৃষ্টি হলে অবস্থার আরও অবনতি ঘটে।
রাজধানীর পূর্ব আগারগাঁও এলাকায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, প্রবীণ সংঘ হাসপাতাল, ব্যাংকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের উদ্যোগ নেই।
সরেজমিনে দেখা যায়, পূর্ব আগারগাঁও এলাকার এ সড়কটির এক পাশ পুরোটাই দখল করে দোকানপাট বসানো হয়েছে। মূল রাস্তার ওপর বড় বড় গর্ত। বৃদ্ধ ও প্রবীণদের পুনর্বাসনের জন্য তৈরি প্রবীণ সংঘ হাসপাতাল এই এলাকায় অবস্থিত। এ হাসপাতালের মূল ফটকের সামনে এক পাশ পর্যন্ত জমা হয়ে আছে নর্দমার পানি আর ময়লা-আবর্জনার স্তূপ। সড়কের পাশের নর্দমাগুলো থেকে পানি ছড়িয়ে পড়েছে মূল সড়কের ওপর। নর্দমার পানি আর জমে থাকা ময়লা-আবর্জনা থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। এর মধ্যেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। সড়কটির অপর পাশে ফুটপাতের ওপর তৈরি করা হয়েছে খাবার হোটেল, ভাঙারি ও লোহালক্কড়ের দোকান। ভাঙা সড়ক দিয়ে রাতের বেলা চলাচলের সময় প্রায় সময়ই নানা দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘নর্দমা আর ভাঙা সড়কের জন্য মোটরবাইক নিয়ে এই সড়কে চলাচল অনেক কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য। আশা করি কর্তৃপক্ষ সড়কটি থেকে জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত ব্যবস্থা নেবে।’ এ ব্যাপারে জানতে চাইলে ডিএনসিসির ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান হোসেন প্রথম আলোকে জানান, এই সড়কটি পিডব্লিউডির অধীনে। তাদের কাছে সংস্কারের জন্য পর্যাপ্ত তহবিল না থাকায় সড়কটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের কাজ চলছে। হস্তান্তর হয়ে গেলে দ্রুত সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।