জলাশয় ভরাট, প্লট বিক্রি করছেন যুবলীগের নেতা

ফরিদপুরে সরকারি জলাশয় ভরাট করে প্লট বিক্রি করছেন যুবলীগের এক নেতা। এ ব্যাপারে প্রশাসন ও রাজনৈতিক মহলে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জলাশয় দখল করে প্লট বিক্রি করছেন নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন ওরফে বিকুল (৫২)। তিনি নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, নগরকান্দা পৌরসভার অস্থায়ী কার্যালয়ের পেছনে ও মজুমদার পাড়ার মাঝের সরকারি ২৭ দশমিক ১৩ একর জমি থেকে আনুমানিক ৫০ শতাংশ জায়গা ভরাট করা হয়েছে। মজুমদার পাড়ায় ৩০টি পরিবারের দেড় শতাধিক লোক বসবাস করে। জলাধারটিসহ সরকারি জমি দখল হয়ে যাওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা।
পাড়ার বাসিন্দা দিপালী রানী বিশ্বাস বলেন, মুরাদ হোসেন গভীর রাতে এ এলাকায় মাপামাপি করতে আসেন। মুরাদ বলেন, তাঁদের ঘরবাড়ি নাকি তাঁর জায়গার মধ্যে পড়ে গেছে।
এলাকাবাসী জানান, দুই মাস আগে কার্গোতে বালু এনে জলাধারটি ভরাট করার কাজ শুরু হয়। শুরু থেকেই এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তাসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবরকে জানান। কিন্তু চিঠি চালাচালি ছাড়া প্রশাসনিক পর্যায়ে কোনো কাজ হয়নি।
এলাকার বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক তরুণ কুমার পোদ্দার বলেন, ‘দখলের ব্যাপারে ভূমি কার্যালয়, ইউএনও কার্যালয়, থানা ও রাজনৈতিক নেতাদের কাছে অভিযোগ দিয়েছি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন “দেখছি” বলা ছাড়া কোনো কাজ করেননি।’
নগরকান্দা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫৪ নম্বর নগরকান্দা মৌজার ১ নম্বর খতিয়ানে ৪০৮ দাগের ২৭ দশমিক ১৩ একর জমিটি ভারত সম্রাটের নামে নৌকা চলাচলের জায়গা হিসেবে রেকর্ড করা ছিল। পরে ওই জমিটি প্রবহমান নদী হিসেবে রেকর্ড করা হয়। ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা অনুযায়ী খাসজমি হিসেবে বাংলাদেশ সরকারের দখলে রয়েছে।
এ ব্যাপারে বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
মুরাদ হোসেনের কাছ থেকে প্লট কিনে একটি আধা পাকা ঘর নির্মাণ করেছেন সলেমান মিয়া। তিনি বলেন, ‘শুনেছি, জমির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে বিকুল মিয়ার মামলা রয়েছে। তাই সে আমাকে প্লটটি রেজিস্ট্রি করে দিতে পারেনি। তবে স্ট্যাম্পে লিখিত দিয়েছে।’
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মোরশেদ খান বলেন, ‘ভরাটের শুরু থেকেই আমরা বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’ তিনি আরও বলেন, মুরাদ হোসেন ওই জায়গায় নিজের মালিকানা দাবি করে জেলা যুগ্ম জজ আদালতে একটি মামলা করেছেন। এর আগেও ওই জমি-সংক্রান্ত আরেকটি মামলা করে হেরে যান তিনি।
অভিযোগ অস্বীকার করে মুরাদ হোসেন বলেন, ‘ওই স্থানে আমার পূর্বপুরুষের জমি ছিল। তাঁদের মৃত্যুর পর সময়মতো খাজনা পরিশোধ না করায় জমিটি সরকারি হয়ে গেছে। চলতি বছর জমি ফিরে পেতে সরকারের বিরুদ্ধে আমি মামলা করেছি।’
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বলেন, মুরাদ হোসেনের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ আছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে।