জাকাত দেওয়ার নামে প্রতারণা
জাকাত দেওয়ার কথা বলে দরিদ্রদের কাছ থেকে চার লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।
গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতারিত পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, গত রমজান মাসে নিজপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল খালেক সরকার গ্রামের গরিব নারীদের জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে ফিতরা ও জাকাতের অনেক টাকা ইউপিতে এসেছে। টাকা পেতে প্রতিটি পরিবারকে ৭০০ টাকা করে জমা দিতে বলা হয়। কয়েকটি গ্রামের মানুষের কাছ থেকে চার লাখ ৫৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু গত চার মাসেও তাঁদের জাকাত দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত চাইতে গেলে প্রতারক চক্রটি তাঁদের প্রাণনাশের হুমকি দেয়। বাধ্য হয়ে জীবনের নিরাপত্তা ও টাকা ফেরত পেতে গত অক্টোবর মাসে দিনাজপুর বিচারিক হাকিম আদালতে দুটি মামলা করেন। আদালত বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলার খবর জেনে প্রতারকেরা গত ২ নভেম্বর রাতে নিজপাড়া চকবানারশি গ্রামে প্রতারিতদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। এরপর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক ও তাঁর লোকজন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসী নিজেদের জীবন ও সম্মানের নিরাপত্তা দাবি করেন।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আবদুল খালেক বলেন, তাঁর এবং তাঁর লোকজনের বিরুদ্ধে আনা সব অভিযোগ বানোয়াট। তাঁর প্রতিপক্ষরা এসব মিথ্যা অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বলেন, প্রতারণার শিকার ব্যক্তিদের পক্ষে আদালতে দুটি মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ মামলা দুটি তদন্ত করছে।