জাকাতদাতার সচেতনতার অভাবই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনে হৃদয়বিদারক এ ঘটনার জন্য জাকাতদাতার সচেতনতার অভাবকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন তদন্ত কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর কাছে ৩০ পৃষ্ঠার ওই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ২৭ জনের মৃত্যুর বিষয়টি একটি দুর্ঘটনা। তবে জাকাতদাতার পক্ষ থেকে সচেতনতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত ১৭ জন, জাকাতদাতা ও নূরানী জর্দা কারখানার মালিক মো. শামীম, কারখানা ব্যবস্থাপক আলমগীর কবীর, ইকবাল হোসেন এবং ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি সঙ্গে তদন্তকাজ চলাকালে কথা বলা হয়।
মল্লিকা খাতুন দাবি করেন, তদন্তে প্রয়োজন এমন সবার সঙ্গে বিস্তারিত কথা বলেই প্রতিবেদনটি করা হয়েছে। ২৭ জনের মৃত্যুর বিষয়টি পরিকল্পিত হত্যার ঘটনা নয়। এটি দুর্ঘটনা। তবে জাকাতদাতা মো. শামীমের পরিস্থিতি বিবেচনা করে আরও সচেতন হওয়া উচিত ছিল। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম ফয়জুল হক ও জেলা নেজারত কর্মকর্তা (এনডিসি) তৌহিদুল ইসলাম।
গত শুক্রবার ভোরে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কে নূরানী জর্দার মালিকের বাড়ি থেকে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে ২২ জন নারী ও পাঁচটি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় মালিক মো. শামীম, তাঁর ছেলে হেদায়েত ইসলামসহ আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। গত রোববার আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।