জাকাতের কাপড় লুট করেছে ক্ষমতাসীন দলের সমর্থকেরা
বগুড়ার সোনাতলায় ঈদ উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য পাঠানো জাকাতের কাপড়বাহী গাড়িতে (পিকআপ ভ্যান) হামলা চালিয়ে ৬০০ শাড়ি ও লুঙ্গি লুট করেছেন ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার কামারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আট-নয় ব্যক্তি বলেন, সোনাতলা বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এক যুগেরও বেশি সময় ধরে প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে এলাকার কয়েকটি গ্রাম-মহল্লায় অসহায় গরিব-দুস্থ নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে আসছেন। সম্প্রতি তিনি সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম রব্বানী নামে আরেক ব্যবসায়ীকে দলের সমর্থন দেওয়া হয়েছে। এখনো পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। কিন্তু জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের জন্য জাকাতের শাড়ি-লুঙ্গি একটি পিকআপ ভ্যানে করে মঙ্গলবার রাতে কামারপাড়া মহল্লায় নেওয়া হয়। এর পরপরই ১০-১২টি মোটরসাইকেলে করে আসা ক্ষমতাসীন দলের ২০-২৫ জন কর্মী ওইসব কাপড় লুট করে নিয়ে যান। তবে এ সময় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সেখানে ছিলেন না। তিনি তাবলিগ জামাতের চিল্লাতে থাকায় তাঁর পক্ষ থেকে অন্যরা এসব শাড়ি-লুঙ্গি আনেন। তাঁরা বলেন, হামলাকারীরা এ সময় ৪৭৫টি শাড়ি এবং ১২৫টি লুঙ্গি লুট করে নিয়ে যায়।
এদিকে জাকাতের শাড়ি-লুঙ্গি লুটের ঘটনায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার সকালে ওই মহল্লার দুস্থ ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা এ ব্যাপারে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এ সময় ইউএনও হাবিবুর রহমান ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কাপড় লুটের ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে সোনাতলা থানাতেও অভিযোগও করা হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, ওই ব্যবসায়ী প্রতিবছরই ঈদ উপলক্ষে এলাকার দুস্থ ব্যক্তিদের মাঝে জাকাতের শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এবারও মঙ্গলবার রাতে কামারপাড়া মহল্লায় কয়েক শ শাড়ি-লুঙ্গি পাঠান। কিন্তু আওয়ামী লীগের নামধারী কিছু লোক ওই কাপড় ছিনতাই করে নিয়ে গেছে। ওই ব্যবসায়ী সোনাতলা পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হতে পারেন—এমন আশঙ্কা থেকেই হিংসাত্মকভাবে এ কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে যে কারণেই এটা করুক না কেন, জাকাতের কাপড় ছিনতাইয়ের মাধ্যমে দুস্থ ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। ছিনতাই করা মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। কেউ মামলা দিলে জড়িত ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম বলেন, ‘ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। দুস্থ ব্যক্তিদের মাঝে জাকাতের কাপড় বিতরণের সঙ্গে রাজনীতি টেনে আনা ঠিক নয়। এ কাজে যারা জড়িত, তারা কোনো দলের লোক নয়। তারপরেও আওয়ামী লীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’