জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির নায়েক
জাকির নায়েক

গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলার সূত্র ধরে ভারতে জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি নিয়ে শুরু হয়ে গেছে বহুমুখী তদন্ত। সন্ত্রাসের সঙ্গে তাঁর সম্পর্ক, দেশ-বিদেশের সন্ত্রাসীদের তিনি প্রভাবিত করছেন কি না এবং তাঁর প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসবাদের প্রসারে সহায়ক কি না, তদন্তকারী দল সেসব খতিয়ে দেখা শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে গতকাল শনিবার এ খবর জানা গেছে।
এদিকে ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। জানতে চাইলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল শনিবার প্রথম আলোকে বলেছেন, ঈদের ছুটি শেষে আজ রোববার অফিস খুললে সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তিনি জানাবেন।
বাংলাদেশে কেব্ল অপারেটরদের সংগঠন বাংলাদেশ কেব্ল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, সরকার নির্দেশ দিলে তাঁরাও চ্যানেলটি বন্ধ করে দেবেন।
পিস টিভির সম্প্রচার ভারতে কীভাবে নিষিদ্ধ করা যায়, এ নিয়ে ভাবনাচিন্তা চলছে। ভারতে মোট নয়টি তদন্তকারী দল গঠিত হয়েছে। চারটি দল খতিয়ে দেখছে জাকির নায়েকের দেওয়া বিভিন্ন বক্তৃতার ফুটেজ ও ভিডিও, তিনটি দল দেখছে বিভিন্ন সামাজিক মাধ্যম ও দুটি দল তদন্ত করছে নায়েকের ফেসবুক পোস্টগুলো। এর বাইরে তদন্তের আওতায় রয়েছে তাঁর তৈরি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) আইআরএফের অর্থনৈতিক দিক। বিভিন্ন দেশ থেকে এই সংস্থা যে আর্থিক অনুদান পাচ্ছে, তা কীভাবে খরচ করা হচ্ছে কিংবা সেই অর্থে সন্ত্রাসবাদকে উত্সাহিত করা হচ্ছে কি না, তদন্তকারী দল তা খতিয়ে দেখছে। এই প্রথম জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠানগুলো কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দাদের নজরদারির আওতায় চলে এল।
ঢাকায় রেস্তোরাঁয় হামলায় অংশগ্রহণকারী নিহত জঙ্গিদের একজন নাকি জানিয়েছিলেন, জাকির নায়েকের বক্তৃতা তাঁকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। ওই ঘটনার পরই ভারতীয় কর্তৃপক্ষের টনক নড়ে। মহারাষ্ট্র সরকার তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ আনে। মুম্বাই থেকে চার যুবক সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জিহাদের অংশীদার হতে গিয়েছিলেন। তাঁদের একজন দেশে ফিরেছেন। জেলবন্দী সেই আরিব মজিদও জেরায় স্বীকার করেছেন, জাকির নায়েকের বক্তৃতা তাঁদের উত্সাহিত করেছে।
জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগের তদন্ত প্রধানত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যে এই সংস্থা এ দেশের ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইরাক অথবা সিরিয়ায় গিয়েছিলেন আইএসের জিহাদে অংশ নেবেন বলে।
ভারতের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু দায়িত্ব পেয়েই গত শুক্রবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। আলোচনা হয় প্রধানত পিস টিভি নিয়ে। ২০০৬ সালে এই চ্যানেল চালু হয় সংযুক্ত আরব আমিরাত থেকে। ২০১২ সালে ভারতে এর সম্প্রচার নিষিদ্ধ করা হয়। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর অন্তত ২০০ দেশে বাংলা, উর্দুসহ বিভিন্ন ভাষায় এই টিভির অনুষ্ঠান সম্প্রচারিত হয়। বৈঠকের পর ভেঙ্কাইয়া নাইডু জানান, পিস টিভির বেআইনি সম্প্রচার বন্ধে দেশের বড় বড় কেব্ল অপারেটরদের নির্দেশ দেওয়া হচ্ছে।
জাকির নায়েক এই মুহূর্তে সৌদি আরবের মক্কায়। সেখান থেকে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ঢাকায় নিরীহ মানুষদের মারতে তিনি উদ্বুদ্ধ করেছেন এই অভিযোগ তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি বলেন, এমন কোনো ভাষণ তিনি কখনো দেননি, যা মুসলমান অথবা অমুসলমান কাউকে খুন করার প্ররোচনা দেয়।