জাজিরায় শিশুকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর খান কান্দিতে দুর্জয় খান (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে জাজিরা থানার পুলিশ একটি ফসলি জমির মাঠ থেকে লাশটি উদ্ধার করে।
শিশুটিকে তার চাচা মজিবর খান হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাজিরা থানায় তাঁকেসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
জাজিরা থানার পুলিশ ও এলাকাবাসী জানান, দুর্জয়ের বাবা ফারুক খান ও চাচা মজিবর খান জয়নগডর খান কান্দিতে থাকেন। তাঁদের মা এশা বেগমকে (৭০) মজিবরের স্ত্রী প্রায়ই মারধর করতেন। বিষয়টি নিয়ে ফারুকের সঙ্গে মজিবরের বিরোধ হয়। এ নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হতো। গত শনিবার কোনো এক সময়ে দুর্জয় ঘর থেকে বের হয়ে যায়। সন্ধ্যায় তাকে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির কাছে ফসলি জমিতে হাত-পা ও গলায় রশি বাঁধা অবস্থায় দুর্জয়ের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
এ ঘটনায় দুর্জয়ের বাবা ফারুক খান বাদী হয়ে ছয়জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মজিবর খান, তাঁর ছেলে সোহাগ খান, স্ত্রী আয়শা বেগম, আয়শার ভাই সুলতান হাওলাদার, সোবাহান হাওলাদার ও ভাইয়ের ছেলে শাহিন হাওলাদারকে আসামি করা হয়েছে।
ফারুক খান বলেন, ‘আমার বৃদ্ধ মাকে ভাই মজিবর ও তাঁর স্ত্রী মারধর করত। আমি প্রতিবাদ করাতে তাদের সঙ্গে বিরোধ হয়। আমাকে মানসিকভাবে দুর্বল করতে ছেলেটিকে হত্যা করেছে। আমি পাষণ্ডদের শাস্তি চাই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, প্রকৃত ঘটনা জানার জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।