জাজিরায় তিন বছরের শিশু ধর্ষণের শিকার
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের একটি গ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে প্রতিবেশী এক তরুণ (১৮) শিশুটিকে বসতঘরে একা পেয়ে ধর্ষণ করেন। শরীয়তপুর সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শিশুটির বাবা ওই তরুণকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
জাজিরা থানা সূত্র জানায়, নাওডোবা ইউপির একটি গ্রামে ওই শিশুর পরিবারের বসবাস। শুক্রবার দুপুরে তার মা বসতঘরের পাশে রান্না করছিলেন। তখন শিশুটি ঘরে টিভি দেখছিল ও খেলা করছিল। হঠাৎ শিশুর চিৎকার শুনে মা ঘরে গিয়ে দেখেন ওই তরুণ পালিয়ে যাচ্ছে আর শিশুটি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।