স্বজনদের দাবি প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে নিহত, পুলিশ বলছে সংঘর্ষ হয়নি
জাজিরায় বোমা বিস্ফোরণে তরুণ নিহত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে গতকাল মঙ্গলবার বোমা বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বোমা বানানোর সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম রবিউল সানি ওরফে অনিক (২২)। তাঁর স্বজনদের দাবি, গতকাল প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় বোমা হামলায় আহত হয় রবিউল। হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, গতকাল ওই এলাকায় সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। বোমা বানাতে গিয়ে বিস্ফোরণেই রবিউলের মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও সাবেক চেয়ারম্যান মেছের আলী মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। মেছের মাদবর দীর্ঘদিন কারাগারে থাকার পর কিছুদিন আগে ছাড়া পান। এরপর থেকে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় এক সপ্তাহ ধরে উভয় পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্নভাবে প্রতিপক্ষের বাড়িঘরে ককটেল হামলা চালিয়ে আসছিল।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, গতকাল বেলা ১১টার দিকে মেছের মাদবরের সমর্থক রবিউল মাদবরসহ কয়েকজন মিলে ইয়াসিন মাদবরের কান্দি গ্রামের রশিদ খন্দকারের বাড়ির পাশের বাঁশঝাড়ের কাছে হাতবোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে রবিউল, মোকসেদ মাদবর (২৪) ও সাগর খান (২৩) আহত হন। রবিউল ও মোকসেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ ও রবিউলের স্বজনেরা জানান, বিকেল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মেছের মাদবরের সমর্থকেরা কুদ্দুস ব্যাপারীর সমর্থক সুরৎখার কান্দি গ্রামের আলী হোসেন শেখের ছয়টি গরু, আলী আহমদ শেখের সাতটি, খোদাবক্স ব্যাপারীর দুটি, ইউনুছ ভূঁইয়ার তিনটিসহ মোট ২৫টি গরু লুট করে নিয়ে যায়।
মেছের মাদবরের বড় ছেলে সালেক মাদবর দাবি করেন, ‘আমাদের সমর্থকেরা কারও বাড়িঘরে হামলা করেনি। কারও কিছু লুটও করেনি। কুদ্দুস ব্যাপারীর লোকেরাই আমার চাচাতো ভাই রবিউলের ওপর বোমা হামলা করেছে। এ ঘটনার বিচার দাবি করছি।’
ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী অভিযোগ করেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সাবেক চেয়ারম্যান মেছের মাদবর তাঁত-সমর্থকদের দিয়ে বেশ কিছুদিন ধরে আমার সমর্থকদের ওপর হামলা করে আসছে। আবার হামলার জন্য ককটেল বানাতে গিয়ে মেছের মাদবরের ভাতিজা মারা গেছে। তাঁত-সমর্থকেরা আমার সমর্থকদের অনেকগুলো গরু লুট করে নিয়ে গেছে।’
রবিউলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল ওই গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।