জাটকা ও কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় গত শনিবার ঢাকাগামী দুটি লঞ্চে অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১০০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে মৎস্য বিভাগ।
কোস্টগার্ড বরিশালের কনটিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক জানান, ঢাকাগামী লঞ্চ প্রিন্স অব রাসেল-১ এবং প্রিন্স অব রাসেল প্লাসে প্রায় ২০০ মণ জাটকা পরিবহন করা হচ্ছে। এর ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর এলাকায় ওই দুটি লঞ্চে অভিযান চালানো হয়। পরে দুই লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, এই মৌসুমে দেশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকার নিষিদ্ধ। গতকাল রোববার জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর সেনসাস ইউনিয়নের আলুর বাজার ফেরিঘাট এলাকা থেকে জাটকা ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। জাটকা শিকার করার অপরাধে চার জেলেকে জরিমানা করা হয়েছে।
গতকাল ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান কোস্টগার্ডের সহায়তায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন। এতে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের খোরসেদ আলম ও সাইদুল ইসলামকে পাঁচ হাজার টাকা করে এবং লোকমান বেপারী ও স্বপন শেখকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
উদ্ধার করা জাটকা স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে নদীতে জাটকা শিকার করছেন। আমরা নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’