প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে গত ২৫ দিনে (১-২৫ মার্চ) এক টন জাটকা ও ৩ লাখ ২০ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইলিশ রক্ষা কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, মৎস্য কার্যালয় ও কোস্টগার্ড অভিযান চালিয়ে এসব জাল ও জাটকা জব্দ করে। জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, ওই ২৫ দিনে মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় দুই শতাধিক অভিযান চালানো হয়। গড়ে প্রতিদিন চালানো হয় ৮-১০টি অভিযান। এতে এসব জাল ও জাটকা জব্দ করা ছাড়াও ৭২ জেলেকে আটক করা হয়। এঁদের মধ্যে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।