জাটকা ধরায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা ইলিশ শিকারের দায়ে বরগুনার পাথরঘাটায় গতকাল বুধবার এক ট্রলারমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা ১০ মণ ইলিশ নিলামে বিক্রি করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট থেকে ১২ মণ জাটকাসহ ট্রলারটি জব্দ করেন স্থানীয় কোস্টগার্ড সদস্যরা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম গতকাল বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলারমালিককে এ জরিমানা করেন।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে বেশ কিছু দিন ধরে জাটকা ইলিশ বিক্রি করা হচ্ছে। এ খবর পেয়ে ওই ঘাটে গতকাল সকাল সাড়ে আটটার দিকে নোঙর করা অবস্থায় এফবি মায়ের দোয়া-১ নামের ট্রলারে তল্লাশি করে ১২ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা জেলেরা পালিয়ে যান। পরে জব্দ করা ১২ মণ জাটকা, অপর ১০ মণ ইলিশসহ ওই ট্রলারটি উপজেলা মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক গতকাল প্রথম আলোকে বলেন, জব্দ করা ১০ মণ ইলিশ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আর ট্রলারমালিক সানু মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা ১২ মণ জাটকা উপজেলার এতিমখানা এবং স্থানীয় দুস্থ, গরিব, অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।