জাটকা বহনের দায়ে দুজনকে জরিমানা
বরগুনার পাথরঘাটায় গত দুদিনে অভিযান চালিয়ে ৭ মণ জাটকাসহ দুই ব্যক্তিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। জাটকা বহনের দায়ে গতকাল মঙ্গলবার ওই দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বেলায়েত হোসেন ও জাবের হোসেন। তাঁদের বাড়ি উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাতটার দিকে চরলাঠিমারা এলাকা থেকে ২ মণ জাটকাসহ দুজনকে আটক করা হয়। এর আগে সোমবার বলেশ্বর নদের পদ্মা খাল থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব জাটকা উপজেলা মৎস্য কার্যালয়ে হস্তান্তর করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বলেন, ৭ মণ জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. রবিউল ইসলাম ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাঁরা জরিমানা দিয়ে ছাড়া পান।